সময় কলকাতা ডেস্কঃ সংক্রমণে রাশ টানতে ভারতে স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে কোভিডের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১৮-৫৯ বছর বয়সী মানুষদের ১৫ জুলাই থেকে সম্পূর্ণ বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র । ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসাবে ৭৫ দিন ধরে এই অভিযান চালানো হবে। তবে এর সময়সীমা ভবিষ্যতে আরও বাড়ানো হবে কিনা, তা এখনও জানা যায়নি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩৬ হাজার ৪৩। দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ৫.১০ শতাংশ। দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।

রাজ্যেও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৯৭৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫৯ শতাংশ। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। আক্রান্ত ৬৬১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এখানে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৫ জন। দুশোর কাছাকাছি সংক্রমণের তালিকায় রয়েছে বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি। একশোর গণ্ডি পেরিয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মালদহ। একশোর কাছাকাছি রয়েছে জলপাইগুড়ি।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?