Home » ইডির তল্লাশি : মন্ত্রী ঘনিষ্ঠ মডেলের আবাসন থেকে উদ্ধার ২১ কোটি টাকা

ইডির তল্লাশি : মন্ত্রী ঘনিষ্ঠ মডেলের আবাসন থেকে উদ্ধার ২১ কোটি টাকা

সময় কলকাতা ডেস্ক : শুক্রবার রাজ্যে ইডির হানায় কেঁচো খুঁড়তে কেউটে-ই যেন বেরিয়ে এল।ইডির দাবি,এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার ইডি-হানায় রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ মডেল- অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাসগৃহ থেকে উদ্ধার হয়েছে অন্তত ২১ কোটি টাকা।বাজেয়াপ্ত হয়েছে কুড়িটি মোবাইলও।ইডির হানাকে প্রতিহিংসার রাজনীতি বলে দাবি করেছে তৃণমূল। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি ও বাম সহ রাজ্যের বিরোধী দলগুলি।

২১ জুলাই শহীদ দিবসে তৃণমূলের মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা থেকে নিশানা করে তোপ দাগার পরের দিনই ঘটনাক্রম অন্যদিকে  মোড় নিয়েছে।অন্যতম তদন্তকারী সংস্থা  ইডি ( এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ) প্রবল সক্রিয় হয়ে উঠল।এসএসসি দুর্নীতি মামলায় ১৩ টি জায়গায় তল্লাশি চালাতে গিয়ে আধিকারিকরা পেলেন বিপুল অঙ্কের টাকার সন্ধান ।ইডি সূত্রের দাবি ,রাজ্যের অন্যতম প্রভাবশালী এক মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার বাড়িতে ২০ কোটি টাকা মিলেছে।ফলশ্রুতি , এসএসসি দুর্নীতি মামলায় আরও চাপ বাড়ল রাজ্য সরকারের উপর।ইডি শুক্রবারের তল্লাশির ও বাজেয়াপ্ত অর্থ- সামগ্রীর ছবি নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছে। ফলে বিষয়টি হয়ে উঠেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, এস এস সি দুর্নীতি মামলায় তদন্তের দায়িত্ব হাতে নিয়েছে সিবিআই। তবে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা মূলত এ মামলার ফৌজদারির দিকটি দেখছে। নেপথ্যে কাদের মাধ্যমে দুর্নীতি তা খোঁজার চেষ্টা চলছে। শুক্রবার একযোগে রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি চালায় ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি সহ এদিন সৌমিত্র সরকারের বাড়িতেও হানা দেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখযোগ্য, ইডির দাবি অনুযায়ী দুর্নীতির প্রমাণের সাফল্য মিলেছে দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়র বাসগৃহে হানা দিতেই । জানা গিয়েছে,অর্পিতা মুখোপাধ্যায় আবার নাকতলার উদয়ন সংঘের পুজোর মডেল হয়েছিলেন ।  নাকতলার এই পুজো আদপে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই খ্যাত।

ইডি আধিকারিকদের দাবি অনুযায়ী, বাজেয়াপ্ত বিপুল পরিমান টাকা কোথা থেকে এল এ প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি অর্পিতা মুখোপাধ্যায়। অন্যদিকে এদিনের তদন্তে ২০ কোটি টাকার পাশাপাশি ২০টি মোবাইল উদ্ধার হয়েছে বলেও সূত্রের খবর। অর্পিতা মুখোপাধ্যায়  যে অভিজাত বহুতল আবাসনে থাকতেন সেখানে ইতিমধ্যেই জোরদার নিরাপত্তার ব্যবস্থা করেছে ইডি। গোটা আবাসন ঘিরে রাখা হয়েছে। হরিদেবপুরে হানা দিয়ে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার দুটি ল্যাপটপ ও জমির দলিল। ল্যাপটপটি খতিয়ে দেখা হচ্ছে ।।

About Post Author