সানি রায়, সময় কলকাতা, ২৩ জুলাই : পরিবারের মুখে হাসি ফোটাতে আর নিজেদের সামান্য আশা-আকাঙ্খাকে রূপ দিতে ওরা চায়ের বাগান থেকে আরও দূরে ভিনরাজ্যে ছুটে যায়। ওদের হৃদয় আছে, কঠোর পরিশ্রমী জীবনের মাঝে সুখী গৃহকোন খোঁজে। ওরা সংসার গড়ে তুলতে চায়। তবুও সব আশা মেটে না। বিয়ের আশীর্বাদ হওয়ার পরেও কারও জীবন ঝরে পড়ে দূরদেশে।বিয়ের আশীর্বাদ হলেও চার হাত এক হয়নি ইন্ডডং চা বাগানের শ্রমিক পরিবারের যুবক শ্যামের,সিকিম থেকে ফিরল কফিন বন্দি নিথর দেহ। প্রাণের মত – কফিনের মধ্যে বন্দি সংসারের স্বপ্ন।
সিকিমের নামচিতে টানেল দুর্ঘটনায় জলপাইগুড়ির আরও আট জনের মত চা বাগানের আরও একটি প্রাণ ঝরে পড়েছে সিকিমে। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ইনডং চা বাগানের টন্দু লাইনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আশীর্বাদের পর্ব চুকে গিয়েছিল, দিনক্ষণ দেখে চার হাত এক হওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে বিয়ের ছাদনাতলায় বসা হলো না ২৭ বছরের তরুণ শ্রমিক শ্যাম ওরাওঁয়ের। বরবেশের আগেই সিকিম থেকে কফিনবন্দি হয়ে ফিরল যুবকের নিথর দেহ।পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ইনডং চা বাগানের বেহাল দশা ও যৎসামান্য মজুরির কারণে সচ্ছলতার খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন শ্যাম। সিকিমের একটি টানেল প্রজেক্টে কর্মরত বড় দাদা সুনীল ওরাওঁয়ের হাত ধরেই সেখানে কাজে যোগ দেন তিনি। লক্ষ্য ছিল, হাড়ভাঙা খাটুনি আর জমানো টাকায় ধুমধাম করে বিয়েটা সেরে ফেলা। পার্শ্ববর্তী গ্রাসমোর চা বাগানের এক তরুণীর সঙ্গে শ্যামের বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল, সম্পন্ন হয়েছিল আশীর্বাদও।কিন্তু গত সোমবার সিকিমের একটি ভয়াবহ দুর্ঘটনা ওলটপালট করে দিল সবকিছু। ওই দুর্ঘটনায় শুধু শ্যামেরই মৃত্যু হয়নি, একই কাজে যুক্ত থাকা তাঁর হবু শ্যালকও (হবু স্ত্রীর ভাই) প্রাণ হারিয়েছেন। গতকাল রাতে শ্যামের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অন্যদিকে আজই হবু শ্যালকের দেহ পৌঁছানোর কথা তাঁর নিজের বাড়িতে।একদিকে হবু জামাই, অন্যদিকে নিজের ঘরের ছেলেকে হারিয়ে পুরোপুরি দিশেহারা ও বিধ্বস্ত কনেপক্ষ। এদিকে ইনডং চা বাগানে শ্যামের বাড়িতেও শোক আর বিষন্নতা । ছেলের ছবি বুকে আঁকড়ে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা মা। ২০২১ সালে পথদুর্ঘটনায় আরেক ছেলে রাম ওরাওঁকে হারিয়েছিল এই পরিবার, এবার চলে গেলেন শ্যামও। এই চরম বিপর্যয়ের দিনে সরকারি সাহায্যের দিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে অসহায় পরিবারটি। অর্থহীন, প্রাণহীন ওঁরাও পরিবারে শুধুই শূন্যতা।


More Stories
সিকিম থেকে ফিরবে না ওরা ৯ জন, নিরন্ন -বিষন্ন কিলকোটের ১১ নম্বর লাইন
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন