সময় কলকাতা ডেস্কঃ যাত্রী স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিতে বড়সড় পদক্ষেপ নিল পূর্ব রেল। সোমবার থেকেই হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে চালু হল এলইডি টিভি পরিষেবা। এরফলে যাত্রীদের একঘেয়েমিপূর্ণ যাত্রায় অনেকখানি বিনোদনের ছোঁয়া আসবে বলেই মনে করছেন রেল যাত্রীরা। সেই সঙ্গে রেলের গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে ওই টিভির মাধ্যমে। জানা গিয়েছে,সোমবার হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে এই টিভি পরিষেবা প্রথম চালু হচ্ছে। এর আগে দেশের মধ্যে একমাত্র মুম্বইতে এই পরিষেবা ছিল। মুম্বইয়ের পরে দ্বিতীয় স্তর হিসেবে হাওড়া ডিভিশনের লোকালগুলিতে এলইডি টিভি বসল। রেল সূত্রে ইতিমধ্যেই জানানো হয়েছে,হাওড়া-বর্ধমান লোকাল দিয়ে এই পরিষেবা শুরু হলেও এক-এক করে সব লোকাল ট্রেনেই এলইডি টিভি বসানো হবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ট্রেনের প্রতিটি কামরায় ৪টি করে ২৮ ইঞ্চির টিভি বসানো হবে। এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। ৭০ শতাংশ ওই বেসরকারি কোম্পানির অনুষ্ঠান চলবে লোকাল ট্রেনের টিভিতে। বাকি ৩০ শতাংশে থাকবে রেলের বিভিন্ন তথ্য ঘোষণা ও অনুষ্ঠান। যাত্রী-সুবিধার্থে রেলের যাবতীয় তথ্যও ঘোষণা করা হবে এই টিভির পর্দায়।
আরও জানা গিয়েছে,পূর্ব রেল লোকাল ট্রেনের এই টিভির মাধ্যমে প্রতি বছর ৫০ লাখ টাকা আয় করবে। ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থার সঙ্গে ৫ বছরের চুক্তি হয়ে গিয়েছে রেলের। যার ফলে পাঁচ বছরে মোট আয় হবে আড়াই কোটি টাকা।

তবে ভিড়ের কথা মাথায় রেখে রেলের কামরা গুলির উপরের দিকে এই টিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে। টিভিগুলির আকার হবে ২৭ ইঞ্চি। পাশাপাশি রেলের তরফে জানানো হয়েছে এই টিভির কানেকশনের সঙ্গে ট্রেনের গার্ডের কেবিন থেকে কোনও যোগাযোগ থাকছে না। টিভি চলবে সার্ভারের মাধ্যমে। সবমিলিয়ে রেলে প্রযুক্তির সাথে বিনোদনের মেলবন্ধনে থাকছে না ত্রুটি।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী