Home » বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?

বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?

Oplus_131072

চুমকী সূত্রধর, ১৫ মার্চ :  বকেয়া ডিএ-র সুখবর । আর বিলম্ব নয়, ডিএ-র বকেয়া টাকা পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা।সংশয়ের অবসান, দ্বিধাদ্বন্দ্ব কাটল। রাজ্যও মেনে নিল সুপ্রিম কোর্টের নির্দেশ। অবশেষে খুশির খবর রাজ্য সরকারি কর্মী ও পেনশন ভোগীদের। সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার। সরকারি কর্মীদের পকেট ভরবে মার্চ থেকেই।

 বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। দীর্ঘ প্রতীক্ষার অবসান। রবিবার রাজ্যে ভোট ঘোষণার কয়েক ঘণ্টা আগে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালের ‘রোপা’ অনুযায়ী বকেয়া ২৫% মহার্ঘ ভাতার টাকা মার্চ মাস থেকেই দিতে শুরু করছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা সরাসরি উপকৃত হবেন। স্বাভাবিকভাবেই স্বস্তিতে সরকারি কর্মচারীরা।

কাদের মিলবে এই সুবিধা ?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর ‘মা-মাটি-মানুষ’ সরকার সরকারি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। এই বকেয়া টাকা পাবেন -রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী,পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীরা,সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মচারী ও পেনশনভোগীরা

বকেয়া টাকা পাওয়ার প্রক্রিয়া

সূত্রের খবর, অর্থ দফতর ইতিমধ্যেই এই বকেয়া মেটানোর পদ্ধতি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই নির্দেশিকা মেনেই ২০২৬ সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে বকেয়া টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, রাজ্য সরকার সব সময় কর্মীদের স্বার্থের কথা ভেবে কাজ করে। দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাজ্য সরকার এই খুশির খবর দিল।

দীর্ঘদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে বকেয়া ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্য বেঁধে দেওয়া হয়েছিল ৬ সপ্তাহ সময়। কিন্তু সেই সময়ের মধ্যে বকেয়া ডিএ দেয়নি রাজ্য। বরং সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ৬ মাস সময় চাওয়া হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। গত ফেব্রুয়ারিতেই বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানান, ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে। আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫% দু’দফায় মিটিয়ে দিতে হবে মে মাসের মধ্যে। তবে প্রথম কিস্তি দিতে হবে ৩১ মার্চের মধ্যে। তারপর যা বাকি থাকবে তার কতটা অংশ দেওয়া হবে, কতদিনের মধ্যে দিতে হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি। তবে সুপ্রিম রায় সত্ত্বেও এতদিন পর্যন্ত ডিএ পাননি রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, ডিএ দেওয়ার জন্য ৩ লক্ষ ১৭ হাজারে বেশি কর্মীর নথি খতিয়ে দেখতে হবে। ২০১৬ সালের আগে পর্যন্ত তাঁদের তথ্য ডিজিটাল নয়। বরং সার্ভিস বুক আকারে হাতে লেখা নথি রয়েছে। ফলে সেগুলি ডিজিটাইজ করতে সময় লাগছে। আবার তার উপর এসআইআরের ফলে রাজ্য সরকারের হাতে প্রশাসনিক আধিকারিকের সংখ্যাও অনেক কম। তাই প্রশাসনিক এবং প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে ডিএ বকেয়া পরিশোধের সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যের জানানো আর্জিতে হতাশ হয়েছিলেন সরকারি কর্মীরা। প্রতিবাদে গত শুক্রবার ধর্মঘটের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। যদিও ধর্মঘট তেমন সফল হয়নি। শেষমেশ রবিবার দাবিপূরণ হল সরকারি কর্মীদের।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, এটা বলে দেওয়া উচিত ছিল, সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিচ্ছে। এটা বললে বেশি খুশি হওয়া যেত।
গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা সংশয়ে ছিলেন, আদৌ এরপরও রাজ্য সরকার ডিএ মেটাবে কিনা। এর মধ্যে মার্চ মাসের ৬ তারিখ রাজ্য সরকারের তরফে নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়, প্রথম কিস্তির ২৫ শতাংশ ডিএ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। ব্যাখ্যা হিসাবে জানানো হয়, যাঁদের নিয়োগ ২০১৬ সালের আগে, তাঁদের সার্ভিস বুক খুঁজে বার করতে অনেকটা সময় লাগবে। তবে রবিবাসরীয় দুপুরেই বাংলায় ভোট ঘোষণার আগেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ২৫% বকেয়া ডিএ দিয়ে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই স্বস্তি ও খুশি মিশে রবিবার সংখ্যা কেটেছে রাজ্য সরকারি কর্মী ও পেনসনভোগী। অবিলম্বেই বেশ মোটা অংকের টাকা ঢুকবে তাদের পকেটে।।

আরও পড়ুন ভোটের দিন ঘোষণা : বঙ্গে ভোট ২৩ ও ২৯ এপ্রিল, ভোট গণনা ৪ মে

বকেয়া ডিএ-র সুখবর # বকেয়া ডিএ-র সুখবর #সুপ্রিমকোর্ট #মমতাবন্দ্যোপাধ্যায়

About Post Author