Home » কমনওয়েলথ গেমস ২০২২ এ পতাকা বইবেন পিভি সিন্ধু

কমনওয়েলথ গেমস ২০২২ এ পতাকা বইবেন পিভি সিন্ধু

সময় কলকাতা ডেস্কঃ  বৃহস্পতিবার থেকে শুরু কমনওয়েলথ গেমসের আসর। এবারের কমনওয়েলথ গেমস বার্মিংহামে আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা আগামী ৮ অগাস্ট পর্যন্ত চলবে। এবারের কমনওয়েলথ প্রতিযোগিতায় ভারতের তরফে অংশগ্রহণ করতে চলেছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন, স্প্রিন্টার হিমা দাস সহ আরও অনেকেই। এবারের প্রতিযোগিতায় মহিলাদের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অন্তর্ভূক্ত করায় ভারতীয় মহিলা ক্রিকেট টিমের দিকে বিশেষ নজর থাকবে ক্রীড়া অনুরাগীদের।

এই অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বইবেন অলিম্পিকে দু’বারের পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। বুধবার ২৭ জুলাই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদের নাম পতাকাবাহক হিসেবে ঘোষণা করা হয়। আইওএ-র ভারপ্রাপ্ত সভাপতি অনিল খান্না, আইওএ মহাসচিব রাজীব মেহতা, আইওএ কোষাধ্যক্ষ আনন্দেশ্বর পান্ডে এবং টিম ইন্ডিয়ার শেফ দি মিশন রাজেশ ভান্ডারি রয়েছে এই বিশেষ কমিটিতে।

যদিও বৃহস্পতিবার বার্মিংহ্যামে নামার পর পিভি সিন্ধুর অনুষ্ঠানে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আরটিপিসিআর রিপোর্ট অনুযায়ী সন্দেহ হয়েছিল, হয়তো তিনি কোভিড আক্রান্ত। যদিও পরবর্তীকালে তাঁর আইসোলেশনে থাকা অবস্থাতেই জানা যায়, কিছু তথ্যের ত্রুটির কারণে রিপোর্টে গড়মিল এসেছিল। দ্বিতীয়বারের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় পিভি সিন্ধুর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কোনও সমস্যা নেই।

অন্যদিকে অন্যান্যবারের মত এবার আর রানী দ্বিতীয় এলিজাবেথ উপস্থিত থাকতে পারছেন না উদ্বোধনী অনুষ্ঠানে। প্রসঙ্গত বিশ্বের যে দেশগুলিতে ব্রিটিশ উপনিবেশ ছিল সেই দেশগুলিই কমনওয়েলথ গেমসের সদস্য। তাই এই বিশেষ প্রতিযোগিতা ব্রিটিশ রাজ পরিবারের কাছে গুরুত্বপূর্ণ। তাই এবার রানীর বদলে উপস্থিত থাকবেন তাঁর ছেলে যুবরাজ চার্লস। তিনিই কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দ্বিতীয় এলিজাবেথের হয়ে বার্তা পাঠ করবেন বলে জানা গিয়েছে।

About Post Author