Home » ভারী বৃষ্টিতে ভিজবে শহর

ভারী বৃষ্টিতে ভিজবে শহর

সময় কলকাতা ডেস্ক : শনিবার থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়া। বৃষ্টিতে ভিজেছে শহর, নেমেছে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই মিলেছে স্বস্তি। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিনদিন ধরে দক্ষিণবঙ্গ ভিজবে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে। ইতিমধ্যেই জারি করা হয়েছে ঝোড়ো হাওয়ার সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। আজ মেঘের আড়ালে মুখ লুকিয়েছেন সূর্যদেব। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮১ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঘূর্নাবর্তের প্রভাবে রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূমে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও বর্ধমানের মতো জেলাগুলিতে প্রবল বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

অপরদিকে, উত্তরবঙ্গেও জারি রয়েছে বৃষ্টি । তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরে। ঘূর্নাবর্তের প্রভাবে পাহাড়ের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

 

About Post Author