Home » পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিল ভারত

সময় কলকাতা ডেস্ক : নায়ক হার্দিক পান্ডিয়া। বল হাতে ২৫ রানে তিন উইকেট আর ব্যাটে মোক্ষম সময়ে ১৭ বলে তেত্রিশ। শেষ তিন বলে দরকার ছিল পাঁচ রান। এরকম অবস্থায় হার্দিক পাকিস্তানের স্পিনার মহম্মদ নওয়াজের বলকে সোজা গ্যালারিতে ফেলে দিলেন। উৎকণ্ঠার অবসান। এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে হারের বদলা নিল ভারত।তবে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় খুব সহজে আসে নি। ১৪৮ রানের টার্গেট তাড়া করে ১৫ওভার পর্যন্ত চাপে ছিল ভারত।গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে হার্দিক ও রবীন্দ্র জাদেজা পঞ্চম উইকেটের জুটিতে ৩৩ বলে ৫২ করে ভারতের জয়ের পথ মসৃন করেন। উল্লেখ্য,প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৪৭ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে উল্লেখযোগ্য রান রিজওয়ানের। তিনি করেন ৪৩ রান। পাকিস্তানের দশটি উইকেট ভাগ করে নেন ভারতীয় পেসাররা। ২৬ রানে ৪ উইকেট নিয়ে সেরা ছিলেন ভুবনেশ্বর কুমার।ভারত ব্যাট করতে নেমে শুরুতেই হারায় রাহুলকে। শুরুতেই বিরাট কোহলির ক্যাচ পড়ায় মনে হয়েছিল বিরাট হয়তো বাজিমাত করবেন। কিন্তু ব্যক্তিগত ৩৫ রানে আউট হয়ে যান বিরাট। টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের হয়ে প্রথমবার খেলতে নেমে নজর কাড়া বোলিং করেন তরুণ পাক ফাস্ট বোলার নাসিম শাহ। খেলার শেষ দিকে মাসল ক্র্যাম্প হলেও রীতিমত সমীহ জাগানোর মত বল করে  দুটি উইকেট পান তিনি। তবে হার্দিকের দৃঢ়তায় শেষপর্যন্ত ম্যাচ বের করে নেয় ভারত ।।

About Post Author