Home » ডার্বির রং সবুজ মেরুণ

ডার্বির রং সবুজ মেরুণ

সময় কলকাতা ডেস্ক : রবিবার সন্ধ্যেয় যুবভারতীর রং হয়ে উঠল সবুজ মেরুণ। মরশুমে প্রথম সাক্ষাতে,খেলার ওপরে সম্পূর্ণ প্রাধান্য রেখে ইমামি ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে দিল এটিকে মোহনবাগান। একমাত্র গোলটি আত্মঘাতী।ডুরান্ড কাপের  দুই চিরপ্রতিদ্বন্দীর খেলায় একমাত্র গোলটি আসে প্রথমার্ধের সংযোজিত সময়ে। নিরীহ কর্ণার সেভ করতে যাওয়া ইস্টবেঙ্গল স্ট্রাইকার ইলিয়ান্দ্রোর পায়ে লেগে আসা বল নিজেদের জালে জড়িয়ে দেন সুমিত পাসি। কার্যত ইস্টবেঙ্গলের যে দুই ফরোয়ার্ড বিপক্ষের জালে বল জড়াতে নেমেছিলেন তাঁরাই নিজেদের বিপদ ডেকে আনেন। ম্যাচ জুড়ে ছিল মোহনবাগানের একটানা দাপট। বেশির ভাগ সময় বল থেকে ইস্টবেঙ্গলের বক্সের আশেপাশে। ইস্টবেঙ্গল আক্রমণভাগে সুহের ও প্রান্তে তুহিন দাস না থাকায় ইস্টবেঙ্গলের কোনও আক্রমণ দানা বাঁধে নি। দুই ফরোয়ার্ডও ছিলেন নির্বিষ। ফলে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথকে সেরকম কোনও কঠিন বল ধরতে হয় নি। অন্যদিকে একটানা আক্রমণ করেছে মোহনবাগান। জনি কাউকো, লিস্টন কোলাসোদের সামলাতে নাজেহাল হয়ে যায় ইস্টবেঙ্গল রক্ষণ।হুগো বুমোস এদিন স্বমহিমায় না থাকলেও মাঝমাঠ সবুজ মেরুণের দখল ছিল আগাগোড়া। ফলে বারবার বল আছড়ে পড়েছে ইস্টবেঙ্গলের বক্সে।ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ সিংহ দুর্ভেদ্য না হয়ে উঠলে ব্যবধান বাড়তে পারত। খেলার শেষ দিকে নেমে মোহনবাগানের কিয়ান নাসিরি- ও ত্রাস সঞ্চার করেন ইস্টবেঙ্গল দুর্গে। ইতিহ্য ও আবেগের ম্যাচ জিতে এটিকে মোহনবাগান নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিল অনেকটাই।।

About Post Author