সময় কলকাতা ডেস্ক : অরুণ কুমার চট্টোপাধ্যায়কে চেনেন না এমন লোক বাংলায় কে- ই বা আছেন? তাঁকে অবশ্য আমরা মহানায়ক উত্তম কুমার নামেই বেশি চিনি।বেঁচে থাকলে আজ বাইশ সালের ৩ সেপ্টেম্বর, জন্মদিনে,তাঁর বয়স হত ৯৬। তিনি অভিনেতা , পরিচালক, প্রযোজক, সঙ্গীতকার ইত্যাদি বিবিধ গুণের অধিকারী ছিলেন এসব আজ সবার জানা ও কার্যত মামুলি কথা হয়ে গিয়েছে। কারণ তিনি বহুচর্চিত আর তাঁকে নিয়ে এই চর্চার কারণ অত্যন্ত সরল। তাঁর ভুবন ভোলানো হাসি আর অসামান্য অভিনয় তাঁকে মৃত্যুর ৪২ বছর পরেও তাঁকে বড্ড আপন করে রেখেছে। অধিকাংশ বাঙালি মহানায়কের প্রতিটি সিনেমার নাম আজও মনে রেখেছে, অনেকেই তাঁর অধিকাংশ তথ্যই জানেন। উত্তমকুমার সম্পর্কে যে সমস্ত তথ্য মানুষ কম জানেন তার একটি ছোট্ট কোলাজ :
১.নায়ক চলচ্চিত্র রূপায়ণের আগে সত্যজিৎ রায় উত্তম কুমারকে তাঁর ঘরে বাইরে সিনেমার জন্য প্রস্তাব দিয়েছিলেন। যতদূর জানা যায় এই ঘটনা ১৯৫৬ সালের।
২. ‘অগ্নিপরীক্ষা’ সিনেমার পোস্টার ঘিরে উত্তম- সুচিত্রার পরিবারে ঝড় তুলেছিল জানা যায়।১৯৫৪ সালে ‘অগ্নিপরীক্ষা’ সিনেমার পোস্টারে অটোগ্রাফ দিয়ে সুচিত্রা সেন লিখেছিলেন – আমাদের প্রণয়ের সাক্ষী হল অগ্নিপরীক্ষা। গুঞ্জন আছে, এতে সবচেয়ে বেশে ক্ষেপে যান সুচিত্রার স্বামী দিবানাথ সেন এবং উত্তম কুমারকে রেগে গিয়ে তিনি অনেক কটুকথা বলেছিলেন বলেও শোনা যায়।উত্তম-পত্নী গৌরী দেবীও বিষয়টিকে ভালো ভাবে নেন নি।

৩. সিনেমা জগতে ভেসে চলা হাওয়ায় কান পাতলে আজও শোনা যায় উত্তম কে ঘিরে দ্বন্দ্ব, বলা ভালো ঠান্ডা যুদ্ধ ছিল, সে সময়ের সেরা দুই নায়িকা সুচিত্রা – সুপ্রিয়ার মধ্যে। ১৯৭২ সালে হার-মানা-হার সিনেমার শুটিংয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের কেন্দ্রে ছিলেন উত্তমকুমার।

৪.উত্তম কুমার ও আশা পারিখ অভিনীত ঝংকার সিনেমাটি অর্থনৈতিক কারণে মুক্তি পায় নি। এই সিনেমাটি মুক্তি পেলে উত্তম কুমারের অভিনয় জগতে নয়ামোড় দেখা দিতে পারত বলে সে সময়ের অনেক সিনেমা সমালোচকদের ধারণা ছিল।

৫. উত্তম কুমার ও সুচিত্রা সেন সম্পর্ক ঘিরে মানুষের কৌতূহল আজও রয়েছে। মাত্র ৫৪ বছরে চলে যান উত্তম কুমার। সুচিত্রা সেন গভীর রাতে একটা সাদা ফুলের তোড়া উত্তমকুমারের পৈত্রিক ভবানীপুরের বাড়িতে উত্তমকুমারের বুকে রেখে চলে এসেছিলেন।এসময় কাছের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুচিত্রা সেন উত্তম কুমার প্রসঙ্গে বলেছিলেন : ” কী হবে, একজন মৃত ব্যক্তিকে নিয়ে আলোচনা করে? মৃত্যু এসে তাঁকে শান্তি দিয়েছে – তিনি শান্তিতে থাকুন “।।
তথ্য সৌজন্য :গোপাল কৃষ্ণ রায়ের ‘সুচিত্রার কথা’।


More Stories
চলে গেলেন বশির বদর
সারিন্দার পাখি মঙ্গলাকান্ত গান ভুলেছেন অসুস্থতায়
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা