সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। অষ্টমীর সকালে বিধ্বংসী আগুন লাগে উত্তর হাওড়া গোলাবাড়ি থানার অন্তর্গত ডবসন রোড এলাকার একটি বহুতলীয় কার্যালয়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে দমকলের ৩ টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে হঠাৎই আগুন লাগে ওই একটি ফিনান্স কোম্পানির কার্যালয়ে। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

জানা গিয়েছে,পুজোর ছুটির কারণে ওই দফতরটি বন্ধ ছিল। তবে বন্ধ অফিসের ভেতর থেকে ঠিক কীভাবে আগুন লাগল, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। যদিও শর্ট সার্কিট থেকেই এদিন আগুন লেগেছে বলেই অনুমান দমকল কর্মীদের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি