Home » ছুটির দিনগুলোতে কীভাবে ছোটদের আনন্দে রাখবেন? রইল পরামর্শ

ছুটির দিনগুলোতে কীভাবে ছোটদের আনন্দে রাখবেন? রইল পরামর্শ

সময় কলকাতা ডেস্ক: ছুটির মজা তেমন একটা পাওয়া হয় না এখনকার শিশুদের। ঘরে শিশুদের দুরন্তপনায়ও অতিষ্ট সবাই। একটানা বেশ অনেকদিন থাকবে পুজোর ছুটি। লম্বা ছুটিতে ঘরবন্দি থেকে শিশুরা তিতিবিরক্ত। আবার তাদের দৌরাত্ম্যে বাবা-মাও ক্লান্ত। ছুটির দিনগুলোতে কীভাবে ছোটদের ব্যস্ত এবং আনন্দে রাখা যায়, তা নিয়ে রয়েছে কিছু পরামর্শ।

একটা প্রজন্ম পিছিয়ে গেলেই ছুটির সংজ্ঞাটা কেমন যেন বদলে যায়। মনে করে দেখুন, আপনার ছেলেবেলায় এমন ছুটি মানেই ছিল মামাবাড়ি বা গ্রামের বাড়িতে গিয়ে দারুণ মজা করা। আপনার সন্তানকেও এমন আনন্দ থেকে বঞ্চিত করবেন না। সারাবছর হয়তো কাজের চাপে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠে না। এই সময় সেই দূরত্ব ঘুচিয়ে দিন। ছেলেমেয়েদের সঙ্গে মেশার, খেলা করার সুযোগ করে দিন।

লম্বা ছুটি পেলে কাছাকাছি কোথাও ছেলেমেয়েদের বেড়াতে নিয়ে যেতে পারেন, যাতে ওরা মনের আনন্দে সময় কাটাতে পারে। পড়াশোনার বাইরে আপনার সন্তানের অন্য যে বিষয়ে উৎসাহ রয়েছে, তা করার সুযোগ করে দিন।

ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে তাদের ঘর, বারান্দা বা ছাদ বাগান কিংবা ঘরের যে কোনও অংশ নতুন করে সাজানোর পরিকল্পনা করুন। ওদের মতামত নিন। তারপর দায়িত্ব ভাগ করে দিন। রঙিন কাগজ দিয়ে কোলাজ বানিয়ে একটা জায়গা সুন্দর করে সাজাতে ওরা খুব মজা পাবে। আপনি ওদের সাহায্য করুন। তারপর সন্তানের বন্ধুদের বাড়িতে ডাকুন, যাতে ওরা নিজের সাজানো জায়গাটা দেখাতে পারেন।

সব শিশুই বাবা-মায়ের ছেলেবেলার গল্প শুনতে ভালোবাসে। এই ছুটিতে শুধু গল্প বলা নয়, সেই জায়গাগুলো ওদের চাক্ষুষ দেখিয়ে আনতে পারেন। আপনার ছেলেবেলার স্কুল, কলেজ, পার্ক থেকে ওদের ঘুরিয়ে আনুন। এভাবেই ছুটি আনন্দময় করে তুলুন।

About Post Author