Home » জিও গ্রাহকরা এই রিচার্জ করলেই পাবেন ৫জি পরিষেবা

জিও গ্রাহকরা এই রিচার্জ করলেই পাবেন ৫জি পরিষেবা

সময় কলকাতা ডেস্কঃ ৫ অক্টোবর, দশমীর দিনই কলকাতা সহ দেশের ৪টি শহরে ৫জি পরিষেবা শুরু করছে রিলায়েন্স জিও। দিল্লি, মুম্বই, কলকাতা ও বারাণসীতে ইতিমধ্যেই জিও-র ৫জি নেটওয়ার্ক শুরু হয়ে গিয়েছে। এই ৪টি শহরের যে কোনও একটি থেকে সিম কিনে থাকলে আপনিও জিও ৫জি ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন। My Jio অ্যাপ থেকে কোম্পানির তরফে ৫জি নেটওয়ার্ক ব্যবহারের আমন্ত্রণ জানানো হবে। তাই আপনি যদি জিও গ্রাহক হয়ে থাকেন এবং কলকাতা, দিল্লি, মুম্বই অথবা বারাণসী থেকে সিম কিনে থাকেন তবে এখনই My Jio অ্যাপ ওপেন করে সংস্থার তরফ থেকে আমন্ত্রণ পেয়েছেন কিনা,তা দেখে নিতে পারেন। My Jio অ্যাপের উপরের দিকে এই অপশন দেখতে পাবেন।

রিলায়েন্স জিও তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে,ওয়েলকাম অফারের আনলিমিটেড ৫জি নেটওয়ার্কের সুবিধা পেতে হলে অন্তত ২৩৯ টাকা রিচার্জ করতেই হবে গ্রাহকদের। এই অফারে কোম্পানির প্রিপেড ও পোস্টপেড গ্রাহকরা ১ জিবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তাই আপনার কাছে যদি জিও-র তরফ থেকে ৫জি টেস্টিংয়ের আমন্ত্রণ এসে থাকে,তাহলে ২৩৯ টাকার রিচার্জ বাধ্যতামূলক। যদিও ওয়েলকাম অফার লঞ্চের সময় জিও-র তরফে এই সংক্রান্ত কিছুই জানানো হয়নি। তখন জানানো হয়েছিল সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। এর কয়েক দিনের মধ্যেই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে অন্তত ২৩৯ টাকা রিচার্জ না করলে জিও ওয়েলকাম অফারের সুবিধা পাওয়া যাবে না।

জানা গিয়েছে, আপাতত দেশের ১৩ টি প্রথম সারির শহরে এই পরিষেবা চালু হবে। কলকাতা, মুম্বই, দিল্লি, পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই সহ ১৩টি শহরে এই পরিষেবা পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে আগামী দু’বছরের মধ্যে দেশজুড়ে চালু হবে ৫জি পরিষেবা।

About Post Author