সময় কলকাতা ডেস্কঃ তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল নদীতে হড়পা বানের দুর্ঘটনার পরই এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মালবাজারে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন উত্তরবঙ্গের শিল্পপতিরা। মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জানা গিয়েছে,আগামী ১৭ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মালবাজারে যাবেন তিনি। সূত্রের খবর, মালবাজারে তেসিমলা নামে একটি বেসরকারি রিসর্টে উঠবেন মুখ্যমন্ত্রী। সেখানেই মালবাজার পুরসভা এবং প্রশাসনিক স্তরের প্রায় ১০০ জন কর্মকর্তাকে নিয়ে বৈঠকের কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই মালবাজারের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছিল বিরোধীরা। কার্যত সেকারণেই হড়পা বানের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত,দশমীর দিন রাত সাড়ে ৮টা নাগাদ মাল বাজারে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই হড়পা বান আছড়ে পড়ে মাল নদীর পাড়ে। সেসময়ই ভেসে যায় অসংখ্য মানুষ। রাত এগারোটা পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পাশাপাশি নিখোঁজ ছিল ৪০ জনেরও বেশি মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎই উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওইদিন রাতেই ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার সহ জেলাশাসক। কিন্তু জলের তোড় এবং টানা বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হয়।

জানা গিয়েছে, বিসর্জন ঠিকমতো করার জন্য মাল নদীর শুকনো খাতে বোল্ডার ফেলা হয়েছিল। যেদিকে বিসর্জন হচ্ছে, সেদিকে যেন স্রোতের টান থাকে। আর এতেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলেই মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি বিসর্জনের সময় নদীর তীরে সিভিল ডিফেন্সের মাত্র ৮ জন কর্মী উপস্থিত ছিল। দুর্ঘটনার পর দড়ি আর নৌকা ছাড়া সিভিল ডিফেন্সের কর্মীদের কাছে কিছু ছিল না বলেও অভিযোগ উঠেছে। যদিও প্রশাসনিক গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে রাজ্য প্রশাসন। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে দুর্গতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ও আহত ব্যাক্তিদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের