Home » টুইটারের মালিকানা পেলেন ইলন মাস্ক

টুইটারের মালিকানা পেলেন ইলন মাস্ক

সময় কলকাতা ডেস্কঃ  অবশেষে টুইটারের মালিকানা পেয়ে গেলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর দায়িত্ব নিয়েই সংস্থার শীর্ষ আধিকারিকদের ছাঁটাই শুরু করলেন তিনি! এমনকি চাকরি গেল, টুইটারের সিইও, ভারতীয় পরাগ আগরওয়ালেরও। সংস্থার ‘চিফ ফিনান্সিয়াল অফিসার’ নেড সেগালকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে। যদিও সিইও পরাগ আগরওয়ালকে ছাঁটাই করার জন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হবে মাস্ককে।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান ইলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। ইলন মাস্কের বিরুদ্ধে মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতে যান মাস্কও। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে, আগের দামেই টুইটার কিনে নেন ইলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি। মালিকানা পাওয়ার পরেই বুধবার সানফ্রান্সিসকোয় টুইটারের সদর দফতরে যান মাস্ক। হাতে একটি বেসিন নিয়ে হাসতে হাসতে তাঁকে ঢুকতে দেখা যায় টুইটারের দফতরে।

About Post Author