Home » প্রকাশ্যে ‘প্রজাপতি’ ছবির পোস্টার

প্রকাশ্যে ‘প্রজাপতি’ ছবির পোস্টার

সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল ‘প্রজাপতি’ ছবির ফার্স্ট লুক পোস্টার। শুক্রবার নন্দনে পোস্টার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, মমতা শংকর ,কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য ,অতনু রায় চৌধুরী, অভিজিৎ সেন প্রমুখ।

এদিন ছবির পোস্টার প্রকাশ অনুষ্ঠানে দেব বললেন,’মানুষের টনিক যত ভালো লাগেছে তার থেকেও বেশি ভালো লাগবে প্রজাপতি। প্রজাপতির গুরুত্বপূর্ণ অংশই হল ছবির গান। ছবিতে তিন জন নাম করা মিউজিক ডিরেক্টর কাজ করেছেন। তাঁরা তাদের সেরা কাজটা দেওয়ার চেষ্টা করেছেন। আশা করি ছবির গানগুলি সকলের ভালো লাগবে।’

দেব ইন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং অতনু রায় চৌধুরীর বেঙ্গল টকিজের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘প্রজাপতি’। এছা়ড়াও এই ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, বিশ্বনাথ বসু সহ আরও অনেকেই। ইতিমধ্যে ছবির শুটিং ও শেষ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, চলতি বছর ক্রিসমাসেই মুক্তি পাবে এই সিনেমা। এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় পা রেখেছেন ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। অন্যদিকে, বাবা-ছেলের জুটি হিসেবে এই ছবিতে দেখা যাবে দেব এবং মিঠুনকে। বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলবে এই ছবি।

ইতিমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, শুটিং ফ্লোরে কখনও রাজনীতি নিয়ে সহ শিল্পীদের সঙ্গে কথা হয় না। এক্ষেত্রে রাজনীতি আসার কোনও প্রশ্নই নেই। সূত্রের খবর ,মূলত কলকাতা ও বারাণসী-জুড়েই ছবির শুটিং হয়েছে।

অন্যদিকে ৪৬ বছর পর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর জুটিকে। ‘মৃগয়া’ সিনেমায় মৃণাল সেন রুপোলি পর্দায় এই জুটি বেঁধেছিলেন। উত্তম-সুচিত্রা, উত্তম-সুপ্রিয়া এবং সৌমিত্র-সন্ধ্যা জুটি চিরকালই দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল। তবুও মিঠুন-মমতা শঙ্কর জুটিকে যেন আলাদা করেই মনে রাখতে হয়।

চলতি বছরের সরস্বতী পুজোর সময়েই এই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন দেব। ইনস্টাগ্রামে ছবির প্রথম লুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে– তে সারাদিন হোক মাতামাতি, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের প্রজাপতি।’

About Post Author