Home » ডার্বির রং সবুজ মেরুণ কোন রসায়নে?

ডার্বির রং সবুজ মেরুণ কোন রসায়নে?

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :

মোহনবাগান: ২ (বুমোস, মনবীর)

ইস্টবেঙ্গল: ০

করোনা  সম্পূর্ণ নির্মূল  না হলেও আতঙ্ক কেটেছে। ফিরছে খেলার মাঠে  দর্শকদের উন্মাদনার পুরনো ছবি। কলকাতার বুকে আইএসএলের (ISL) প্রথম ডার্বি। যুবভারতীতে ৬২ হাজার দর্শকের হিল্লোল। গত কয়েকবছর ডার্বিতে ফাঁকা গ্যালারির যে ছবি ভারতীয় ফুটবল সমর্থকরা দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, এবার সেই ছবিতে বদল এসেছে।খেলার উন্মাদনার মাঝে কানায় কানায় পূর্ণ গ্যালারি ডার্বির আমেজে অন্য মাত্রা যোগ করেছে।তবে খেলা তো আর আবেগ দিয়ে হয় না। নিজেদের প্রয়োগ করতে পারলে দলগত শক্তির নিরিখে এগিয়ে থাকা দল বাজিমাত করে যেমনটা শনিবার করল এটিকে মোহনবাগান গত ছয় ডার্বির মতো এবারেও শেষ হাসি হাসলেন সবুজ-মেরুন সমর্থকরা। হুগো বুমোস এবং মনবীরের গোলে জয়ের সরণিতে থাকল এটিকে মোহনবাগান।প্রথম গোলে অবশ্যই বড় ভুল ছিল লাল-হলুদ গোলরক্ষক কমলজিতেরও। তিনি মোক্ষম সময়ে বিশ্রী ভুল করে ইস্টবেঙ্গলকে চাপে ফেলে দেন। দ্বিতীয় গোলও হয় ডিফ্লেকসন থেকে।পরবর্তী সময়ে আর খেলায় ফিরতে পারে নি ইস্টবেঙ্গল। নিজেদের যথাযথ প্রয়োগ করে ধারে ও ভারে এগিয়ে থাকা এটিকে মোহনবাগান জয় হাতের মুঠোয় নিয়ে আসে। একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, দুদলের খেলোয়াড়দের মধ্যে গুণগত মানের ফারাক  এদিনের খেলায় প্রকট হয়ে ওঠে। ইস্টবেঙ্গল খেলোয়াড়দের মধ্যে চেষ্টা ছিল  কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট হয়ে ওঠেনি। ফলে যথারীতি শনিবার ডার্বির রং সবুজ মেরুন ।

About Post Author