সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এবারের আই এস এলের প্রথম ডার্বিতে মুখোমুখি এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম সাক্ষাৎকারে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলকে সুমিত পাসির আত্মঘাতী গোলে হার মানতে হয়েছিল এটিকে মোহনবাগানের কাছে।ফিফার তরফে ক্লাসিক ফুটবল ডার্বি হিসেবে তকমা পাওয়া লাল হলুদ বনাম সবুজ মেরুনের ম্যাচ ঘিরে রয়েছে উদ্দীপনা।

উল্লেখ্য,এটিকে মোহনবাগান আই এস এলের শেষ ম্যাচে কেরলের মাঠে বড় ব্যবধানে জয় পেয়েছে।পাশাপাশি, ইস্টবেঙ্গল বেশ কিছুদিন ধরেই ডার্বিতে পরাজয়ের স্বাদ পেয়ে চলেছে। ফলে এটিকে মোহনবাগানের মনোবল তুঙ্গে। অন্যদিকে, আই এস এলের প্রথম ম্যাচের পর থেকেই ইস্টবেঙ্গল নিজেদের অনেকটা গুছিয়ে নিতে চেষ্টা করছে।নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা প্রথম বার জয় পেয়েছে এবছর। ফলে লাল হলুদের সমর্থকরা আশাবাদী।তবুও ইস্টবেঙ্গল এ মুহূর্তে যত ভালো ফর্মেই থাকুক, কাগজে-কলমে এগিয়ে আছে সবুজ মেরুন শিবির। সাম্প্রতিক পরিসংখ্যান ও দলগত শক্তির দিক থেকে এটিকে মোহনবাগানের পাল্লা ভারী। তবে ইস্টবেঙ্গল এবার পূর্ণ শক্তি নিয়ে নামছে শনিবারের ম্যাচে।এটিকে মোহনবাগানের নবীন স্ট্রাইকার পেট্রাতোস ও ইস্টবেঙ্গলের অভিজ্ঞ স্ট্রাইকার ক্লেটন সিলভা দুজনেই গোলের মধ্যে আছেন। ম্যাচ টেম্পারমেন্ট ও প্রাপ্ত সুযোগকে কাজে লাগানোর দিক থেকে কে বাজিমাত করে এখন সেটাই দেখার। দলগত শক্তিতে এটিকে মোহনবাগান এগিয়ে থাকায় ইস্টবেঙ্গলের পোড় খাওয়া কোচ স্টিফেন কনস্ট্যান্টটাইন যে সবুজ মেরুণকে রুখতে বিশেষ কিছু স্ট্র্যাটেজি নেবেন বলাই বাহুল্য। এবং এও বলাবাহুল্য দুটি দলই জয়ের জন্যই ঝাপাবে।বড় ম্যাচে কে শেষ হাসি হাসে তা দেখার জন্য শনিবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রীড়াপ্রেমীদের ।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
আবার বাংলাদেশের কাছে হার পাকিস্তানের