Home » আইপিএলে ক্রিকেটার পোলার্ডের ইনিংস শেষ, কোচ পোলার্ডের ইনিংস শুরু

আইপিএলে ক্রিকেটার পোলার্ডের ইনিংস শেষ, কোচ পোলার্ডের ইনিংস শুরু

সময় কলকাতা ডেস্ক: আইপিএলে আর দেখা যাবেনা পোলার্ড ঝড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিলেন ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড।  মাস খানেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এই ক্যারিবিয়ান তারকা। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি।

আইপিএল থেকে অবসর নিয়ে দীর্ঘ বিবৃতি দিয়েছেন পোলার্ড। সেখানে তিনি লিখেছেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স দলের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিলাম।’

এর পাশাপাশি সদ্য প্রাক্তন দলের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে এই ক্যারিবিয়ান অল-রাউন্ডারের মুখে। তিনি লিখেছেন “মুম্বই ইন্ডিয়ান্স খুব ভাল একটা ফ্রাঞ্চাইজি। এই দল আমাকে অনেক কিছু দিয়েছে। এই দলের হয়ে না খেললেও, মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে আমি খেলতে পারব না।”

ক্রিকেটার হিসেবে ইনিংস শেষ হলেও, মুম্বই ইন্ডিয়ান্সে নতুন ইনিংসের সূচনা করতে চলেছেন পোলার্ড। এ ব্যাপারে পোলার্ড লিখেছেন, “মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে  আমার আবেগতাড়িত বিদায় হচ্ছে না। কারণ আমি রাজি হয়েছি আইপিএলে মুম্বইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে। আমাকে খেলোয়াড় থেকে কোচিংয়ের নতুন যাত্রা শুরু করতে হবে।”

দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল খেলেছেন তিনি। এ বছরই মু্ম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পোলার্ডের। কিন্তু সূত্রের খবর, এই ক্রিকেটারকে  ধরে রাখতে আগ্রহী হয়নি মুম্বইয়ের ফ্রাঞ্চাইজিটি। বরং ক্যারিবিয়ান ক্রিকেটারকে ব্যাটিং কোচ হিসেবে পেতে আগ্রহ দেখায়নি মুম্বই। আর সেকারনেই আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন পোলার্ড, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

About Post Author