Home » কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথিদের তালিকা ঘোষণা মুখ্যমন্ত্রীর 

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথিদের তালিকা ঘোষণা মুখ্যমন্ত্রীর 

সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার বিধানসভায় স্মারক এবং মিউজিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান,২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে চলেছেন অমিতাভ বচ্চন। উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেত্রী তথা রাজনীতিক এবং অমিতাভ বচ্চনের সহধর্মিণী জয়া বচ্চনও। এমনকী উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন শাহরুখ খানও। এর পাশাপাশি তিনি আরও জানান যে,এবারের চলচ্চিত্র উৎসবে ৫২টি দেশ থেকে ডেলিগেটস আসবেন।

জানা গিয়েছে,আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই এই মর্মে আয়োজককারী কমিটির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলচ্চিত্র উৎসবে সমস্ত বিভাগের জন্য ছবি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ অক্টোবর পর্যন্ত। যদিও উৎসবের থিম এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে, ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফরে যাচ্ছেন বলেই দলীয় সূত্রে খবর। সেখান থেকে ফিরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান করবেন তিনি।

গত বছরের ২৭ তম চলচ্চিত্র উৎসব ডিসেম্বরের বদলে চলতি বছরের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। যা ১ মে পর্যন্ত চলে। এবছর চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ ছিল সত্যজিৎ রায়। শতবর্ষ পার করে আসা সত্যজিৎ রায়ের ছবি নিয়ে আলাদা একটা সেগমেন্ট ছিল চলচ্চিত্র উৎসবে।সেখানে ‘পথের পাঁচালী’, ‘পরশ পাথর’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’-র মতো কালজয়ী সিনেমাগুলি দেখানো হয়েছে।

অন্যদিকে সত্যজিত রায় ছাড়াও এবছর সম্মান জানানো হয়েছিল চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরির পরিচালক মিকলোস জাঁকোসকে। সম্মান জানানো হয়েছিল সেইসব তারকাদের, যাঁরা প্রয়াত হয়েছেন। সেই তালিকায় ছিলেন, দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্র ভাব, অভিষেক চট্টোপাধ্যায়, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ার। তাঁদের সিনেমাগুলিও দেখানো হয়েছিল।

About Post Author