সানি রায় ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ২৯ মে : আই ফর অ্যান আই। রিভেঞ্জ স্টোরি বা প্রতিশোধমূলক চলচ্চিত্রের প্রায়ই দেখা যায় চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। তাই বলে বউয়ের বদলে বউ ? এবার ময়নাগুড়িতে ঘটলো এরকমই কাণ্ড। যার হাত ধরে বউ পালিয়েছিল তার বউকে বিয়ে করে যেন প্রতিশোধ নিলেন স্বামী । পলাতকা বউয়ের প্রেমিকের উদ্দেশ্যে স্বামীর বার্তা, “আমার বউকে নিয়ে পালিয়েছিল, তাই ওর বউ আমার।” বদল নাকি বদলা তা নিয়ে প্রশ্ন রয়েছে।ময়নাগুড়িতে ‘বউ বদল’ হার মানিয়েছে চলচ্চিত্রের কাহিনীকেও। স্বামী-স্ত্রী বদলাবদলির কাণ্ডে রয়েছে বদলার ছোঁয়াও ।

ময়নাগুড়িতে অভূতপূর্ব দুই পর্ব বিশিষ্ট এক ঘটনা বউ বদলের পাশাপাশি বরও বদল হয়েছে, হয়েছে ঘটা করে বিয়ে, হয়েছে পাত পেড়ে ভুরিভোজ। দম্পতি বদল কাহিনীর মূল চরিত্র রঞ্জন বসাক, বউয়ের বদলে বউ চেয়েছিলেন। বুধবার ক্লাইম্যাক্সে পৌঁছানো ঘটনার প্রেক্ষাপট কয়েক মাস আগের।ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আনাজ ব্যবসায়ী রঞ্জনের স্ত্রী টুম্পার সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কের পরিচয়ের ফালাকাটার ফুলবাড়ির পঙ্কজ রায়ের অন্তরঙ্গতা গড়ে ওঠে। ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুই কন্যার মা টুম্পা ছোট মেয়েকে নিয়ে পঙ্কজের সঙ্গে ঘর ছেড়ে পালান। অতঃপর খোঁজখবর নিয়ে বউ হারানো রঞ্জন জানতে পারেন যে পঙ্কজ স্ত্রী পম্পিকে দূরে সরিয়ে রেখে টুম্পার সঙ্গে অন্যত্র বসবাস করছেন । আর কাল বিলম্ব করেননি তিনি। থানায় অভিযোগ করার পরিবর্তে পম্পির সঙ্গে জোর কদমে যোগাযোগ বাড়াতে শুরু করেন। তিনি স্থির করে ফেলেন পম্পিকেই বিয়ে করবেন। মনোকষ্টে থাকা পম্পিও পিছপা ছিলেন না। বর বউ অদল বদল তথা বউ বদলের মূলপর্ব জমে ওঠে। অবশেষে দুই বঞ্চিত স্বামী স্ত্রী চারহাত এক করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বুধবার ধর্মপুরের জোড়পাকড়ি কালীবাড়িতে সামাজিক রীতিনীতি মেনে তাঁদের বিয়ে হয়। পাশাপাশি ভুরিভোজের ব্যাবস্থা ছিল। গ্রামবাসীরা বলছেন, পঙ্কজ- টুম্পাকে পেলে আরেকটি বিয়ের উৎসবে শরিক হতে চান তাঁরা। বউ বদলের পাল্টা ঘটনায় থানায় কোনো অভিযোগ জমা পড়ে নি । তবে রঞ্জন মনে করছেন মধুর প্রতিশোধ নেওয়া হয়েছে পঙ্কজের বিরুদ্ধে। নইলে কি আর বলেন, আমার বউ নিয়ে যে পালিয়েছে তার বউয়ের উপরেও আমার অধিকার! অন্যদিকে রঞ্জনের কাছে বউ বদল প্রতিশোধের হলেও পম্পির কাছে বর বদল মুক্তির আনন্দ।।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত
আসাম মডেলের পদাঙ্ক অনুসরণ, উত্তরবঙ্গের চা বাগানে আশার আলো