Home » মেসি ম্যাজিক,শেষ আটে মুখোমুখি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস

মেসি ম্যাজিক,শেষ আটে মুখোমুখি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস

শেষ আটে উঠে মুখোমুখি হতে চলেছে মুখোমুখি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস

শনিবার রাউন্ড অফ সিক্সটিনে মুগ্ধ করলেন মেসি

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক  : বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে নিজের হাজারতম ম্যাচে মেসি গোল করলেন। কাতার বিশ্বকাপে মেসি ম্যাজিক অব্যাহত। স্বপ্নের ফুটবল খেললেন আরও একবার। শিল্পীর পায়ের ছোঁয়ায় ২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল আর্জেন্টিনা। এনিয়ে দেশ ও ক্লাবের হয়ে ১০০০ তম ম্যাচে ৭৮৯ তম গোল পেলেন জাদুকর ফুটবলার। পরিসংখ্যানের দিক থেকে,নিজের পঞ্চম বিশ্বকাপে এ নিয়ে নবম গোল পেলেন লিওনেল মেসি তবে শনিবারের গোল উল্লেখযোগ্য এজন্যই যে এই প্রথম তিনি বিশ্বকাপের নকআউট পর্বে গোল করলেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গ্যাবরিয়েল ব্যতিস্তুতা ছাড়া তাঁর চেয়ে বেশি গোল কেউ করেন ও নি।

 

ডি মারিয়া চোটের কারণে শনিবার ছিলেন না। ডি মারিয়ার অভাব বুঝতে দেন নি মেসি। প্রথমার্ধের ৩৫ মিনিটে মেসির গোলের পরে ৫৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে জুলিয়ান আলভারেজ ব্যবধান বাড়ান । দ্বিতীয়ার্ধের শেষ দিকে চাপ বাড়ায় অস্ট্রেলিয়া।৭৭ মিনিটে আর্জেন্টিনা একটি আত্মঘাতী গোলও খেয়ে বসে। মেক্সিকো ম্যাচে অসাধারণ গোল করা আর্জেন্টিনার তরুণ তারকা এনজো ফারনান্ডেজের পায়ে লেগে বলের গতিপথ পাল্টে গোলে ঢুকে যায়। আর্জেন্টিনা মাঝেমধ্যেই আক্রমণ করলে শেষ লগ্নে দুবার গোলের মুখ প্রায় খুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত খেলা নির্ধারিত সময়েই শেষ করে জয় কুক্ষিগত করেই মাঠ ছাড়েন মেসি ও তাঁর সতীর্থরা।পরাজয় দিয়ে শুরু করলেও তাদের এনিয়ে টানা তৃতীয় জয়। আরও টানা তিনটি জয় পেলেই তৃতীয়বার বিশ্বকাপ তুলতে পারবে আর্জেন্টিনা। তাদের পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

ডাচরা শনিবার নক আউট স্টেজের প্রথম ম্যাচে ইউএসএ কে ৩-১ গোলে হারিয়ে দেয়।ডাচদের হয়ে এদিন মেমফিস ডিপাই, ডেলি ব্লিন্ড ও ডেঞ্জিল ডামফ্রিজ গোল করেন। হাজি রাইটস আমেরিকানদের হয়ে একমাত্র গোলটি করেন। উল্লেখ্য তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলা নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয় এখনও অধরা। উত্তর আমেরিকানদের নক আউট স্টেজের শেষ প্রতিনিধি মার্কিনদের হারিয়ে এবার বিশ্বকাপে ঠিক সাতদিন পরে নেদারল্যান্ডস মুখোমুখি হবে বিশ্বকাপের অন্যতম দাবিদার দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে।।

About Post Author