সময় কলকাতা ডেস্ক: কলকাতার শতাব্দী প্রাচীন ভবানীপুর সুইমিং ক্লাবে বিধ্বংসী আগুন। দক্ষিণ কলকাতার পদ্ম পুকুর রোডের এই ক্লাবে শনিবার রাত ১০টা নাগাদ আগুন লাগে। আগুন নজরে আসতেই স্থানীয়রা দমকলে খবর দেন। প্রথমে ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে পৌঁছয় আরও তিনটি ইঞ্জিন। মূলত কাঠ দিয়ে তৈরি এই ক্লাবঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী ভাবে শতাব্দী প্রাচীন এই সুইমিং ক্লাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
ঐতিহ্যবাসী এই সুইমিং ক্লাবে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলমন্ত্রী বলেন, “১০টা নাগাদ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার ভয় ছিল। দ্রুততার সঙ্গে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।” মনে করা হচ্ছে রবিবারের মধ্যেই ঘটনার তদন্ত রিপোর্ট মন্ত্রীর কাছে জমা দেবে দমকল বিভাগ। মধ্যরাতের পর আগুন পুরোপুরি আয়ত্তে আসে।

ক্লাবের ঠিক গায়ে পরিবার নিয়ে থাকেন ওই ক্লাবেরই কেয়ারটেকার। তড়িঘড়ি কেয়ারটেকার ও তাঁর পরিবারকে বের করে আনা হয়। অগ্নিকাণ্ডে কোনও হতাহত হয়নি।’’ তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আগুনের কারণ জানতে রবিবার ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করবে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা