Home » ৬৪-র জন্মদিনে ফিরে দেখা কপিলের অজানা কিছু কীর্তি

৬৪-র জন্মদিনে ফিরে দেখা কপিলের অজানা কিছু কীর্তি

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারিঃ ৮৩ বিশ্বকাপে লর্ডসের ঐতিহাসিক সেই মুহূর্ত এখনও তাজা দেশবাসীর মনে। তখন বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া,ইংল্যান্ড। তৃতীয় বিশ্বকাপের আসর বসেছিল ভারতে দু’শো বছরের বেশি সময় রাজত্ব করা ব্রিটেনের মাটিতে। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ ক্রিকেট প্রেমীরা ভাবতেও পারেননি কী অঘটন অপেক্ষা করছে তাঁদের জন্য। প্রথমবার ক্রিকেটের সব থেকে মহিমান্বিত খেতাবটি উঠেছিল টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে শুরু করা ভারতের হাতে। সেই অঘটনকে সম্ভব করতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কপিল দেব রামলাল নিখঞ্জ। ভালোবেসে যাকে বলা হয় হরিয়ানা হ্যারিকেন। ১৯৫৯ সালের ৬ জানুয়ারি পাঞ্জাবের চন্ডীগড়ে জন্মগ্রহণ করেছিলেন। জন্মদিনে ফিরে দেখা কপিলের অজানা কিছু কীর্তি :-

১) ১৯৮৩ সালের ২৩ জুন লর্ডসের মাটিতে বিশ্বকাপের ফাইনালে বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারায় ভারত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ছুঁয়েছিলেন কপিল দেব।

২) সর্বকনিষ্ঠ ক্রিকেট অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের নজিরটিও স্থাপন করেছিলেন কপিল দেব। মাত্র ২৪ বছর বয়সে অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন তিনি।

৩) ১৯৮৩ সালের ১৮ জুন বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন হরিয়ানা হ্যারিকেন। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একদিনের খেলায় প্রথম শতরান। পাশাপাশি এটিই দীর্ঘ সময় একদিনের ক্রিকেটে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান। ১৯৮৪ সালে সেই রেকর্ড ভেঙ্গেছিলেন ক্রিকেটের কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস।

 

৪) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৯৪ সালে মার্চ মাসে হ্যামিল্টনে ক্রিকেট জীবনের শেষ টেস্ট ম্যাচটি খেলছিলেন কপিল। ক্রিকেট জীবন থেকে অবসরের সময় তিনিই ছিলেন টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি। ১৩১ টি টেস্ট ম্যাচে মোট ৪৩৪ টি উইকেট নিয়েছিলেন কপিল। কপিলের ৪৩৪ তম শিকারী হলেন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটার অ্য়াডাম প্যারোরে।

৫) ক্রিকেট জীবনে মোট ১৩১ টি টেস্ট ম্যাচ খেলেছিলেন কপিল দেব। ভারতীয় ক্রিকেটে সেই সময় এই সংখ্যাটি ছিল মাইল ফলক। প্রায় ১৪ বছর পর কপিলের রেকর্ড ভেঙ্গেছিলেন অনিল কুম্বলে।

৬) দীর্ঘ ক্রিকেট জীবনে ১৩১ টি ম্যাচ খেলছিলেন কপিল। কিন্তু চোটের কারণে কোনো ম্যাচ থেকে বাদ পড়েননি। ফিটনেসের বিচারে বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের অনায়াসেই টেক্কা দিতে পারেন কপিল পাজি।

৭) কপিল দেবই প্রথম ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে প্রথম ২০০ উইকেট নেওয়ার মাইলফলক স্থাপন করেন। ২২৫ টি একদিনের ম্যাচে মোট ২৫৩ টি উইকেট নিয়েছিলেন কপিল।

৮) ১৯৮৩ সালের নভেম্বর মাসে আহমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের বিনিময়ে ৯ টি উইকেট নিয়েছিলেন কপিল। অধিনায়ক হিসেবে একটি ইনিংসে যা এখনও পর্যন্ত সেরা পরিসংখান।

৯) একদিনের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে সব থেকে বেশি সেঞ্চুরি করেছেন সচিন রমেশ তেন্ডুলকর। সেঞ্চুরির লড়াইয়ে লিটল মাস্টারকে টেক্কা দিচ্ছেন বিরাট কোহলি। কিন্তু একদিনের ক্রিকেটে ভারতের হয়ে প্রথম শতরানটি এসেছিল কপিল দেবের ব্যাট থেকে। ইংল্যান্ডের টানব্রিজ জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি।

১০) একদিনের ক্রিকেটে নবম উইকেটে সব থেকে বড় রানের পাটর্নারশিপ করার রেকর্ড করেন কপিল দেব। ১৯৮৩ টানব্রিজ ওয়েলসে জিম্বাবোয়ের বিরুদ্ধে সৈয়দ কিরমানির সঙ্গে নবম উইকেটের জুটিতে ১২৬ রান করেছিলেন কপিল। দীর্ঘ ২৭ বছর পর রেকর্ডটি ভেঙ্গেছিলেন শ্রীলঙ্কার এঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গা।

১১) বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০০ রান ও ৪০০ উইকেটের নজিরও রয়েছে হরিয়ানা হ্যারিকেন বা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেবের দখলে।

About Post Author