Home » ইডেনে কষ্টার্জিত জয়! সিরিজ পকেটে পুরলো ভারত

ইডেনে কষ্টার্জিত জয়! সিরিজ পকেটে পুরলো ভারত

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১২ জানুয়ারি: লোকেশ রাহুলের ব্যাটে ভর করে ইডেনে সিরিজ জয় ভারতের। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারালো মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করে ৩৯.৪ ওভারে ২১৫ রানে শেষ হয় শ্রীলংকার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত।

এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শনাকা। শ্রীলংকার ব্যাটিং অর্ডারে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ। মাত্র ১৭ রানে শ্রীলংকার ওপেনার আবিষ্কা ফার্নান্ডোকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর শ্রীলংকার ব্যাটিংয়ের হাল ধরেন নোয়াইন্দু ফার্নান্ডো ও কুশল মেন্ডিস। দুজনে জুটিতে ৯৩ রান তোলেন। মেন্ডিসকে ৩৪ রানে সাজঘরে ফেরান কুলদীপ যাদব। এরপর ম্যাচের রাশ নিজেদের দখলে নেয় ভারত। ভারতীয় বোলারদের দাপটে অসহায় আত্মসমর্পণ করেন শ্রীলংকার ব্যাটাররা।

৩৯.৪ ওভারের ২১৫ রানে শেষ হয়ে যায় শ্রীলংকার ইনিংস। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। এদিন চাহালের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন কুলদীপ।

অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ভারত। শুরুতেই দলকে নির্ভরতা দেন দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা। কিন্তু শ্রীলঙ্কাকে দ্রুত ম্যাচে ফেরান শ্রীলঙ্কার বোলাররা। মাত্র ১৭ রান করে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফেরান করুণারত্নে। ১২ বলে ২১ রান করে আউট হন গিল।

গুয়াহাটি ম্যাচের নায়ক বিরাট কোহলি এদিন ব্যর্থ। ৯ বলে ৪ রান করে ফেরেন কোহলি। মিডল অর্ডারে দলকে কিছুটা নির্ভরতা দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। ৩০ বলে ২৮ রান করে আউট হন শ্রেয়স। এরপর ম্যাচের হাল ধরেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। তাদের ৭৫ রানের জুটি ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। ৫৩ বলে বলে ৩৬ রান করে করুণারত্নের বলে আউট হন হার্দিক। এরপর অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে শেষ কাজটি করেন রাহুল।

১০৩ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন লোকেশ রাহুল। রাহুলের দায়িত্বশীল ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারাল ভারত। তিনটি উইকেট নিয়ে ও ১০ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হলেন কুলদীপ।

About Post Author