সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৬ জানুয়ারি : চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা। ফাইনালে বার্সেলোনা ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদকে। এদিন বার্সেলোনার হয়ে গোল করেন গাভি, লেওয়ানডস্কি ও পেড্রি। রিয়ালের হয়ে ব্যবধান কমান করিম বেঞ্জেমা।

রবিবার ভারতীয় সময় মধ্যরাতে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

এদিন ম্যাচের শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জাভির ছেলেদের নিয়ন্ত্রণে। প্রথমার্ধের ১২ মিনিটে লেওয়ানডস্কির শট কোনরকমে বিপদমুক্ত করেন রিয়ালের গোলরক্ষক থিবু কুর্তোয়া। ম্যাচের ১৮ মিনিটে গতির বিপক্ষে সহজ সুযোগ পেয়ে যায় রিয়ালও। মেন্ডির ক্রসে হেড করেন করিম বেঞ্জেমা। কিন্তু অল্পের জন্য হেডারটি লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ম্যাচের ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বার্সেলোনার মিডফিল্ডার গাভি। প্রথম গোলের ক্ষেত্রে গাভিকে বল বাড়ান লেওয়ানডস্কি।

প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে দলের হয়ে ব্যবধান বাড়ান লেওয়ানডস্কি। এবার গোলের জন্য বলটি বাড়িয়ে দেন গাভি। এটিই এল ক্লাসিকোতে পলিশ স্ট্রাইকারের প্রথম গোল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছু কৌশল গত পরিবর্তন করেন রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি। ক্যামাভিঙ্গার পরিবর্তে প্রথম একাদশে আনেন রদ্রিগোকে। যদিও ব্রাজিলিয়ান উইঙ্গারের অন্তর্ভুক্তি দলের খেলায় কোনো প্রভাব ফেলেনি। ম্যাচের ৫১ মিনিটে ফের গোলের সুযোগ পেয়ে যায় জাভির দল। দেম্বেলের শট অসামান্য দক্ষতায় বাঁচান রিয়াল গোলরক্ষক কুর্তোয়া। ম্যাচের ৫৪ মিনিটে ফের লেওয়ানডস্কির শট বাঁচান রিয়াল গোলরক্ষক। ম্যাচের ৬৯ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি পোতেন পেড্রি।

গাভির বাঁ পায়ের ক্রস জালে জড়ান বার্সেলোনার প্রতিশ্রুতিমান মিডফিল্ডার। ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে একটি গোল শোধ করেন ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। কিন্তু ম্যাচে ফেরার জন্য সেই গোল যথেষ্ট ছিল না। এই জয়ের ফলে ১৪ তম সুপারকাপ জিতল বার্সেলোনা।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের