Home » হাড্ডাহাড্ডি লড়াইয়ে ওয়েলসকে হারাল ভারত! তবে শেষ আটের অঙ্ক এখনও কঠিন হরমনপ্রীতদের

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ওয়েলসকে হারাল ভারত! তবে শেষ আটের অঙ্ক এখনও কঠিন হরমনপ্রীতদের

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২০ জানুয়ারি: ওয়েলসকে হারিয়েও সরাসরি বিশ্বকাপের শেষ আটে ওঠা হল না ভারতের। স্পেনকে ৪-০ গোলে উড়িয়ে পুল ডি থেকে সরাসরি বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড। কিন্তু এখনও বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়নি হরমনপ্রীতদের। কোন অঙ্কে শেষ আটে জায়গা করতে পারে ভারত?

বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের মুখোমুখি হয় ভারত। এদিন গ্রুপের অপর একটি ম্যাচে স্পেনকে ৪-০ গোলে দুরমুশ করে ইংল্যান্ড। এদিন ভারতকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে গেলে ওয়েলসকে হারালেই চলত না, হারাতে হত ৮ বা বেশি গোলের ব্যবধানে। ওয়েলসের বিরুদ্ধে চাপ নিয়েই মাঠে নামেন হরমনপ্রীতরা।

 

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল গ্রাহাম রিডের ছেলেরা। যদিও গোলের সামনে গিয়ে পথ হারাচ্ছিলেন ভরতের স্ট্রাইকাররা। এদিন ভারতকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হল প্রথমার্ধের দ্বিতীয়ার্ধ পর্যন্ত। হরমনপ্রীতের পেনাল্টি কর্নার ওয়েলসের রক্ষণভাগে প্রতিহত হলে, ফিরতি বলে দুরন্ত গোল করেন সমশের সিংহ। এগিয়ে যায় ভারত। এরপর দ্বিতীয়ার্ধের প্রথমার্ধে আকাশদ্বীপের দুরন্ত গোলে ব্যবধান বাড়ায় ভারত। কিন্তু তৃতীয়ার্ধে নাটকীয়ভাবে ম্যাচে ফেরে ওয়েলস। পেনাল্টি কর্নার থেকে দুরন্ত গোল করে ব্যবধান কমান গ্যারেথ ফার্লং। এর দু মিনিট পর ম্যাচে সমতা ফেরান জেকব ড্রেপার।

ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ভারতকে খেলায় ফেরান সেই আকাশদীপ। বক্সে ঢুকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ওয়েলস। ৪-২ গোলে জিতে মাঠ ছাড়ে ভারত। ম্যাচ জিতলেও সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠা হলনা ভারতের।

যদিও এখনও বিশ্বকাপ জয়ের আশা শেষ হয়নি ভারতের। এবার হকি বিশ্বকাপে চারটি পুলে মোট ষোলোটি দল রয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে একটি করে দল সরাসরি কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়ে যাবে। বাকি চারটি দলের জন্য প্রত্যেক গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় দলের মধ্যে লড়াই হবে। অর্থাৎ ভারত পুল-বিতে দ্বিতীয়স্থানে শেষ করা দল। ভারতের সামনে প্রতিপক্ষ পুল সির তৃতীয় স্থানে শেষ করা দল। পুল সিতে তৃতীয় স্থানে শেষ করেছে নিউজিল্যান্ড। ফলে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ২২ জানুয়ারি সেই ম্যাচের উপর নির্ভর করবে ভারতের কোয়ার্টার ফাইনালে ওঠার টিকিট।

 

About Post Author