সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৯ জানুয়ারি: প্রায় দুই দশক বিশ্ব ফুটবলকে শাসন করেছেন দুজনেই। দুজনের মধ্যে কে সেরা? এই বাকযুদ্ধে দুই মেরুতে বিভক্ত হয়েছে বিশ্বের ফুটবল ভক্তরা। স্পেনের মাটিতে দীর্ঘদিন একে অপরকে টক্কর দেওয়ার লড়াইয়েরও সাক্ষী থেকেছে ফুটবল বিশ্ব। রোনাল্ডো রিয়েল ছাড়ার পর ও মেসির বার্সেলোনা ছাড়ার পর একধাক্কায় অনেকটাই জৌলুস হারিয়েছিল স্পেনের ক্লাব ফুটবল। ফের ফুটবল মাঠে মুখোমুখি দুই মহারথী ।

বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াধে আল হিলাল এবং আল নাসেরের সম্মিলিত একটি একাদশের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে পিএসজি। আর এই ম্যাচকে ঘিরে যাবতীয় আগ্রহ ফুটবল ভক্তদের। কারণ এই ম্যাচেই দীর্ঘ আড়াই বছর পর সম্মুখ সমরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। এর উপর বাড়তি পাওনা এমবাপে ও নেইমারের উপস্থিতি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলতি বছরেই সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন সিআরসেভেন। যদিও সৌদির ক্লাবের হয়ে একটি ম্যাচও খেলেননি পর্তুগিজ সুপারস্টার। অপরদিকে বিশ্বকাপের পর পিএসজির হয়ে দুই ম্যাচ খেলা হয়ে গিয়েছে মেসির। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে পিএসজি-র অনুশীলন সারছেন মেসিরা। মেসিদের দেখার জন্য স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ।

কিন্তু ভারতীয় ফুটবল প্রেমীরা কখন, কোন চ্যানেলে এই দীর্ঘ প্রতীক্ষিত ম্যাচের সাক্ষী থাকতে পারবেন? বৃহস্পতিবার রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ভারতীয় সময় রাত সাড়ে দশটায় শুরু হবে খেলা।

যদিও খারাপ খবর, ভরতের কোনো চ্যানেলে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে না। তবে কিভাবে ম্যাচ উপভোগ করবেন? পিএসজির টিভি, অ্যাপ ও ইউটিউব চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। এছাড়াও স্ট্রিমিং ওয়েবসাইটের মাধ্যমে এই খেলা দেখতে পারবেন।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক