Home » আবার হারল ইস্টবেঙ্গল

আবার হারল ইস্টবেঙ্গল

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৭ জানুয়ারি: ম্যাচ পরিবর্তন হয়, প্রতিপক্ষ পরিবর্তন হয়, কিন্তু ম্যাচ শেষে ফলাফলের পরিবর্তন হয় না। স্টিফেন কনস্ট্যান্টাইনের দল হারাটা অভ্যাসে পরিণত করে ফেলেছে। এবার শুধু হারলই না, একেবারে চার গোল হজম করল এফ সি গোয়ার কাছে।

ম্যাচ শুরুর আগে সু-খবর দিয়েছিল ফিফা। কিন্তু তাতেও কিছু বদল হল না। সাধারণতন্ত্র দিবসে গোয়ার জহরলাল নেহরু স্টেডিয়ামে এফ সি গোয়ার বিরুদ্ধে লজ্জাজনক হারের সম্মুখীন হল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের প্রথম একাদশে এ দিন তিনটি পরিবর্তন করেছিলেন কোচ। অ্যালেক্স লিমা, সার্থক গোলুই এবং রাকিপের পরিবর্তে প্রথম একাদশে ইভান গঞ্জালেজ, জেরি এবং সুমিত পাসি।

 

ম্যাচের মাত্র ২৩ মিনিটে লাল হলুদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন গুয়ারৎজেনা। স্প্যানিশ মিডফিল্ডারের দাপটে ততক্ষণে ৩-০ গোলে এগিয়ে গিয়েছে কার্লোস পেনার ছেলেরা। প্রথমার্ধে মাঠে জার্সি না থাকলে বোঝা যেত না দেশের অন্যতম সফল ক্লাব মাঠে নেমেছে। বল দখল থেকে পাসিং সব কিছুতেই ক্লেটনদের টেক্কা দিল গোয়ার ছেলেরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল খেয়ে বসে লাল হলুদ। এবার ফ্রি কিক থেকে দুরন্ত গোল করেন ব্র্যান্ডন ফার্নান্দেজ। তেকাঠির তলায় দাড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিলনা ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ সিংয়ের। চার গোলে পিছিয়ে কিছুটা লড়াইয়ে ফেরে ইস্টবেঙ্গল। সৌজন্যে ৫৯ মিনিটে করা ভিপি সুহেরের গোল। বাঁ প্রান্ত ধরে উঠে মহেশের ঠিকানা লেখা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন সুহের। ৬৬ মিনিটে আবার গোল করে ইস্টবেঙ্গল। কর্নার থেকে মহেশের ক্রস জালে জড়ান পরিবর্ত হিসেবে নামা সার্থক গলুই। দু গোল শোধের পর কিছুটা লড়াই করে গঙ্গা পারের ক্লাবটি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ১৫ ম্যাচের মধ্যে ১১ টি হেরে ৯ নম্বরেই রইল ইস্টবেঙ্গল।

About Post Author