সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারি: দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন টলি অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। দলের কোনও কর্মসূচিতেই দেখা যাচ্ছিল না তাঁকে। সোমবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে হোয়াটসঅ্যাপ করে এবং নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অভিনেত্রী। যদিও অন্য কোনও দলে যোগ দেওয়ার ইঙ্গিত দেননি অভিনেত্রী।

পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। এদিকে একের পর এক ভাঙন দেখা দিচ্ছে গেরুয়া শিবিরে। বিধায়ক সুমন কাঞ্জিলালের দলবদল নিয়ে চাপানউতোরের মাঝেই বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। জানা গিয়েছে, সোমবার দুপুরে সুকান্ত মজমুদারকে দল ছাড়ার কথা জানান তিনি। এরপর নিজের ফেসবুক পেজে দলত্যাগের বিষয়টি জানান তিনি। সরাসরি কিছু না বললেও দলকে পুরনো কর্মীদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন কাঞ্চনা। এতেই স্পষ্ট যে, দলত্যাগের নেপথ্যে নব্য-পুরনো দ্বন্দ্বও একটা কারণ।

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা ভোটের আগে দিল্লি উড়ে গিয়েছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সেখানে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। পরবর্তীতে বিজেপির বহু কর্মসূচিতে সামনের সারিতে দেখা গিয়েছে কাঞ্চনাকে। তবে ২০২২ সালে পুর ভোটের পর দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন কাঞ্চনা। দলের কোনও কর্মসূচিতে দেখা যাচ্ছিল না তাঁকে। তিনি জানিয়েছেন, “আমি কোনও কিছু পাওয়ার জন্য বিজেপিতে যাইনি। তাই কেউ ভাববেন না বিজেপি ক্ষমতায় আসেনি তাই দল ছেড়েছি। আমি এখন পরিবার ও কাজকে সময় দিতে চাইছি।” বঙ্গ রাজনীতিতে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এরপর কে?


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক