সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারি: রবিবারই আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে আগমন হল বিজেপি বিধায়কের। এর ২৪ ঘণ্টার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সোমবার তিনি জানালেন, বঙ্গ বিজেপির অন্তত ১৩ জন বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে আরও ৬ বিজেপি সাংসদ রয়েছেন এই তালিকায়। সুমন কাঞ্জিলালের আচমকা দলবদলে এমনিতেই চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি। উত্তরবঙ্গে বিজেপির শক্ত মাটি ক্রমেই আলগা হচ্ছে বলে ধারণা রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। এরমধ্যে কুণাল ঘোষের দাবি বঙ্গ বিজেপিকে আরও অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছেন তাঁরা।

এতজন নেতা-বিধায়ক কেন বিজেপি ছাড়তে চাইছেন? কুণাল ঘোষ এদিন তারও ব্যাখ্যা দিয়েছেন। কুণালের কথায়, আসলে বিজেপি নেতারা এলাকায় বুঝতে পারছেন যে মানুষ বিজেপিকে চাইছে না। এলাকাতে সেই স্পন্দন টের পাচ্ছেন তাঁরা। ফলে বিজেপির জনপ্রতিনিধিরাও বুঝতে পারছেন যে মানুষের সঙ্গে থাকাটাই ভালো। তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখা বিজেপি বিধায়ক-সাংসদদের সংখ্যা বললেও তাঁরা কোন কোন এলাকার সেটা খোলসা করেননি তৃণমূল মুখপাত্র। কুণালের দাবি, সময়মতো তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের নিয়ে সিদ্ধান্ত নেবেন।


More Stories
রাজনীতিকে বিদায়, সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের
“কী ঔদ্বত্য রে বাবা! ” -অভিষেক থাকলে তাঁরা নেই জানালেন কল্যাণ
নারদা কাণ্ডে “৫ লাখ টাকা ঘুষ “-এর উল্লেখ সুখেন্দু শেখরের সাংসদকে আক্রমণে