Home » কেরলের মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপ্যাল সচিবকে গ্রেফতার করল ইডি

কেরলের মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপ্যাল সচিবকে গ্রেফতার করল ইডি

সময় কলকাতা ডেস্ক,১৫ ফেব্রুয়ারিঃ কেরলের আবাস কেলেঙ্কারির ঘটনায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়েনের প্রাক্তন প্রিন্সিপ্যাল সচিব এম শিবশঙ্করকে গ্রেফতার করল ইডি। কেরলে গৃহহীনদের পাকা বাড়ি বানিয়ে দিতে লাইফ মিশন নামে একটি প্রকল্প চালু আছে। সেই প্রকল্পে অনিয়মের অভিযোগে তিনদিন ধরে মুখ্যমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপ্যাল সচিব এম শিবশঙ্করকে জিজ্ঞাসাবাদ করছিল ইডি। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় শিবশঙ্করের বিরুদ্ধে তদন্তে অসোহযোগিতার অভিযোগ ওঠে। এরপরেই  ইডি তাঁকে গ্রেফতার করে। এই মামলায় প্রথম কাউকে গ্রেফতার করল ইডি।


লাইফ মিশন প্রকল্পে ত্রিশূরে গৃহহীনদের জন্য ১৪০টি আবাস তৈরির লক্ষ্যে রেড ক্রিশেন্ট নামে একটি অলাভজনক সংস্থা কেরলের সৌদি কনস্যুলেট মারফত সাড়ে ১৪ কোটি টাকা দিয়েছিল। সেই টাকার মধ্যে চার কোটি চার লাখ টাকা একাধিক প্রভাবশালীর পকেটে গিয়েছে বলে অভিযোগ। অনিয়মের ওই ঘটনায় আগেই গ্রেফতার করা হয় মুখ্যমন্ত্রীর অফিসের দুই অফিসার স্বপ্না সুরেশ এবং পিএস সারিথকে। তাঁদের বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শিবশঙ্করকে। অন্যদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই প্রভাবশালীদের হাত রয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। যদিও রাজ্য সরকারের নির্দেশেই প্রথম এই অভিযোগের তদন্ত শুরু হয়। পরে ইডিও এই মামলায় তদন্ত শুরু করে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে সোনা চোরাচালানের মামলায় ইডি ও কাস্টমসের হাতে গ্রেফতার হয়েছিলেন পিনারাই বিজয়নের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি। সেই সময় ৯০ দিনের বেশি জেল হেফাজত হয়েছিল তাঁর। এরপর জানুয়ারি মাসে কর্মজীবন থেকে অবসর নেন এম শিবশঙ্কর। অবসর নেওয়ার কয়েকদিনের মধ্যে  ফের  বিদেশি তহবিল নয়ছয়ের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

About Post Author