Home » কলকাতা ময়দানে ফের নক্ষত্রপতন, প্রয়াত তুলসীদাস বলরাম

কলকাতা ময়দানে ফের নক্ষত্রপতন, প্রয়াত তুলসীদাস বলরাম

সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি:  কলকাতা ময়দান হারাল আরও এক নক্ষত্রকে। ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন তুলসীদাস বলরাম। তিনি ১৯৫৬ সালের অলিম্পিক্স ফুটবলে ঐতিহাসিক ভারতীয় দলের শেষ জীবিত সদস্য ছিলেন। একসময় পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামীর সঙ্গে এক নিঃশ্বাসে বলরামের নাম উচ্চারণ হতো। দীর্ঘদিন ধরেই বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সেই সঙ্গে শেষ হয়ে গেল ভারতীয় ফুটবলের এক গৌরবময় ইতিহাস।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, গত কয়েক বছর ধরে উত্তরপাড়ার বাড়িতে একাই কার্যত গৃহবন্দি অবস্থায় থাকতেন তিনি। বিয়ে করেননি, তবে পালিত পুত্র অশোক দাসগুপ্ত তাঁর খোঁজখবর রাখতেন। ইদানিং বয়সের ভারে খুব একটা বাড়ির বাইরে বের হতে পারতেন না। দীর্ঘ রোগভোগে শরীর এতটাই জীর্ণ হয়ে গিয়েছিল যে চলার শক্তিও ছিল না একসময় ময়দান কাঁপানো ফুটবলারের। একটানা বেশক্ষণ কথাও বলতে পারতেন না তুলসীদাস বলরাম। গত বুধবার তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একদিনের মধ্যেই মৃত্যু হল তাঁর।

১৯৫৬ সালের অলিম্পিক্স ফুটবলে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তুলসীদাস বলরাম। ১৯৬০ সালের মেলবোর্ন অলিম্পিক্সেও তিনি দারুণ ফুটবল উপহার দিয়েছিলেন। এশিয়াডের সোনাজয়ী ভারতীয় দলেও তিনি ছিলেন। পিকে-চুনীর মতো তিনিও ছিলেন দুর্ধর্ষ স্ট্রাইকার। পিকে-চুনীর সঙ্গে জুটি বেঁধে বহু গোলও করেছিলেন বলরাম। প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের হয়ে বহু ট্রফি জিতেছিলেন। ক্লাব জীবনে একটা বড় সময় কাটিয়েছেন লাল-হলুদ জার্সি গায়ে। কিন্তু শেষ জীবনে তিনি ক্লাবের প্রতি অভিমান হয়েছিল তুলসীদাস বলরামের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ময়দানে।

About Post Author