Home » চেতনের চেতনা! বিতর্কের মুখে ইস্তফা দিলেন বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক

চেতনের চেতনা! বিতর্কের মুখে ইস্তফা দিলেন বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি: এক বেসরকারি সংবাদমাধ্যমের স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রিকেটের মূখ্য নির্বাচক। প্রাক্তন দুই ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির উষ্ণ সম্পর্ক নিয়েই তিনি মন্তব্য করেছিলেন। যার জেরে ক্রিকেট মহলে শুরু হয় বিতর্ক। এবার সেই বিতর্কের জেরেই  বিসিসিআইয়ের মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। সূত্রের খবর, শুক্রবার বোর্ড সচিব জয় শাহের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। জানা গিয়েছে ‘ বিতর্কিত ‘ চেতনের ইস্তফা পত্রটি গ্রহণ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

কিছুদিন আগেই একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিং অপারেশনের ফাঁদে পড়েন চেতন। গত ১৪ ই ফেব্রুয়ারি সেই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে আসে। সেই স্টিং অপারেশনে একাধিক বিষয়ে বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছিল চেতনকে। সৌরভ-বিরাট ইগোর লড়াই, কোচ রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির সঙ্গে কথোপকথন, বুমরার ব্যথা কমানোর ইনজেকশন নিয়ে দলে ফেরা, দল নির্বাচনের পদ্ধতি- সহ একাধিক গোপনীয় বিষয়ে অকপট মন্তব্য করেছিলেন তিনি।

তাঁর মন্তব্যের জেরে প্রশ্নের মুখে পড়ে বোর্ডের স্বচ্ছতা। তারঁ মন্তব্য ভালো চোখে নেয়নি বোর্ড কর্তারা। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটা ইঙ্গিত মিলেছিল বোর্ড সূত্রে। এবার চাপের মুখেই কী মুখ্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন চেতন শর্মা? সে নিয়ে চলছে জল্পনা। যদিও এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

About Post Author