সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ২০২২-২৩ মরশুমের ভারতের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল ) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে গোয়ায়। আগামী ১৮ মার্চ মারগাঁওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হতে চলেছে। সোমবার ফাইনাল ম্যাচের স্থানকালের বিষয় আইএসএল আয়োজকদের পক্ষে জানানো হয়েছে।

আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে আইএসএল এর প্লে অফ ম্যাচ যেখানে ছটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যেই শেষ ছয়ে যাওয়ার দৌড়ে পাঁচটি দল নিজেদের স্থান নিশ্চিত করে ফেলেছে। মুম্বাই সিটি এফসি, হায়দ্রাবাদ এফসি, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স শেষ ছয়ে পৌঁছে গেলেও এফসিগোয়া এবং ওড়িশা এফ সির মধ্যে কোন দল ষষ্ঠ দল হিসেবে আইএসএলে প্লে অফ ম্যাচ খেলবে তা এখনো অনিশ্চিত। তবে এক্ষেত্রে ৩০ পয়েন্ট পেয়ে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে ওড়িশা এফসি। এমাসের ২২ তারিখ ওড়িশা শেষ লিগ ম্যাচে জামশেদপুরের মুখোমুখি হতে চলেছে যে ম্যাচে ড্র করলেই তারা এফ সি গোয়ার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আগামী শনিবার অনুষ্ঠিত কলকাতা ডার্বি যা মর্যাদার লড়াই হিসেবেই গুরুত্বপূর্ণ কারণ ইমামি ইস্টবেঙ্গল ইতিমধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। উল্লেখযোগ্য যে, ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান তাদের শেষ ম্যাচে জয়লাভ করেই ডার্বিতে মাঠে নামছে ।।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত