Home » চলতি আইএসএলের ফাইনাল হবে গোয়ায়

চলতি আইএসএলের ফাইনাল হবে গোয়ায়

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২১ ফেব্রুয়ারি: ভারতের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল লিগ ২০২২-২৩ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফাইনাল অনুষ্ঠিত হবে গোয়ায়। আগামী ১৮ মার্চ মারগাঁও হনয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হতে চলেছে জানিয়েছে এআইএফএফ।

আগামী ৩ মার্চ থেকে  শুরু হচ্ছে আইএসএলের প্লে অফ ম্যাচ। যেখানে লিগ টেবিলের শীর্ষে থাকা ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যেই  শেষ ছয়ে যাওয়ার দৌড়ে পাঁচটি দল নিজেদের স্থান নিশ্চিত করে ফেলেছে। মুম্বাই সিটি এফসি, হায়দ্রাবাদ এফসি, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি  এবং কেরালা ব্লাস্টার্স  শেষ ছয়ে পৌঁছে গেলেও এফসি গোয়া এবং ওড়িশা এফসির মধ্যে কোন একটি ক্লাব ষষ্ঠ দল হিসেবে আইএসএলে  প্লে অফ ম্যাচ খেলবে। তবে এক্ষেত্রে ৩০ পয়েন্ট পেয়ে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে ওড়িশা এফসি।

এ মাসের ২২ তারিখ ওড়িশা শেষ লিগ ম্যাচে জামশেদপুরের মুখোমুখি হতে চলেছে। ওই ম্যাচে ড্র করলেই  তারা এফসি গোয়ার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। অপরদিকে, আগামী শনিবার যুবভারতী স্টেডিয়ামে হতে চলেছে কলকাতা ডার্বি। যা কলকাতার দুই প্রাচীন ক্লাবের মর্যাদার লড়াই হিসেবেই দেখা হয়। যদিও ইস্টবেঙ্গল ইতিমধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। এবং এটিকে মোহনবাগান প্লে অফে জায়গা করে নিয়েছে। তবুও এই ম্যাচের গুরুত্ব কোনও অংশেই কম না দুই ক্লাবের সমর্থকদের কাছে। উল্লেখ্য ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান তাদের শেষ  ম্যাচে জয়লাভ করেই ডার্বিতে মাঠে নামছে। ফলে ডার্বির আগে চনমনে দুই দলই।

About Post Author