Home » দোলের আগেই বাড়িতে বানিয়ে নিন ভেষজ আবির

দোলের আগেই বাড়িতে বানিয়ে নিন ভেষজ আবির

সময় কলকাতা ডেস্ক,৪ মার্চঃ  হাতে বাকি আর মাত্র ৩ দিন। তারপরই দোল। দোলে রং খেলতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। কিন্তু দোল খেলার জন্য যে রং ব্যবহার করা হয়, তাতে উপস্থিত রাসায়নিক পদার্থ ত্বকের ক্ষতি করে। যার কারণে অনেকেই রং খেলতে চাইলেও পিছিয়ে আসেন রঙের মধ্যে থাকা বিভিন্ন কৃত্রিম রাসায়নিক পদার্থের ভয়ে। এইসব রাসায়নিক পদার্থ যেমন ত্বকের ক্ষতি করে ঠিক তেমনভাবেই একবার মাখলে সহজে ত্বক থেকে উঠতে চায়না। তাই এইবার দোলের আগেই বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ আবির। এতে যেমন দোলের আমেজ থাকবে, ঠিক তেমনই সুরক্ষিত থাকবে ত্বকও। তবে একটা কথা মনে রাখবেন বাড়ি বসে রং তৈরির সময় কোনোভাবেই তাতে ফুড কালার মেশানো যাবে না।

গোলাপি আবির
হলুদ গুঁড়োর সঙ্গে খুবই অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে বানানো যেতে পারে গোলাপি আবির। এছাড়া রাতে কয়েক টুকরো বিট নিয়ে সারারাত গরম জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে হলুদ গুঁড়োর সঙ্গে ওই জল মিশিয়ে বানিয়ে নিতে পারেন গোলাপি আবির।
হলুদ আবির
চার ভাগ বেসন এবং এক ভাগ হলুদ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হলুদ আবির। বেসন না থাকলে আপনি চালের গুঁড়োর সাথেও হলুদ মিশিয়ে নিতে পারেন।

লাল আবির
লাল রং বানানোর জন্য জবা ফুলের পাপড়িগুলি শুকিয়ে সেটিকে গুঁড়ো করতে হবে। এরপর সেটি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এছাড়াও হলুদ গুঁড়োর ওপর পাতিলেবুর রস মিশিয়ে নিলেও পেয়ে যাবেন লাল আবির। আর আপনি যদি তরল আবির চান তাইলে কৃষ্ণচূড়া ফুল জলে ফুটিয়ে নিয়ে তাতে রক্তচন্দন মিশিয়ে নিতে হবে।
সবুজ আবির
কৃষ্ণচূড়া গাছের পাতা শুকিয়ে সেই পাতা গুঁড়ো করে বানিয়ে নিন সবুজ আবির।


নীল আবির
নীল রং অবশ্য প্রাকৃতিক উপায়ে মেলানো বেশ কঠিন।তবে আপনি অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিলেই পেয়ে যাবেন এই রং।

About Post Author