সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেলিব্রিটি প্রিমিয়ার লিগ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ড্রাস্টির পরিচিত চিত্র তারকারা রয়েছেন এই টুর্নামেন্টে। প্রায় একমাস ধরে চলবে ৮ দলের এই টুর্নামেন্ট। লাইট-ক্যামেরা-অ্যাকশন ভুলে কয়েক দিন সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যাচ্ছে অভিনেতাদের। আর নিজেদের দলকে উৎসাহ দিতে প্রতিদিন ডাগআউটে উপস্থিত হচ্ছেন সুন্দরী অভিনেত্রীরা। ফলে এই তারকা ক্রিকেট লিগকে কেন্দ্র করে চাঁদের হাট বসছে ক্রিকেটের ময়দানে। নিজেদের প্রিয় চিত্র তারকাদের অন্য অবতারে দেখা দেখার জন্য স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন তাঁদের অনুগামীরাও।
এবছরও বাংলার দল বেঙ্গল টাইগার্সকে নেতৃত্ব দিচ্ছেন যীশু সেনগুপ্ত। তবে এবার শুরুটা আশাপ্রদ হয়নি বেঙ্গল টাইগার্সদের। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচেই হারতে হয়েছে বাংলার দলকে। রবিবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবেন যীশুরা। এদিন বাংলার সামনে প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই হিরোজ। মুম্বইয়ের দলটির হয়ে খেলতে দেখা যাবে রীতেশ দেশমুখ, সোহেল খানের মত মুম্বইয়ের প্রসিদ্ধ চিত্র তারকাদের। ম্যাচের আগে বরকতুল্লাহ খান স্টেডিয়ামে চুটিয়ে প্র্যাকটিস করতে দেখা গেল সোহেল খানদের। ম্যাচকে কেন্দ্র করে মরুরাজ্যে চড়ছে উত্তেজনার পারদ। এই ম্যাচে জিতে এবছরের সিসিএলে প্রথম জয়ের খাতা খুলতে পারবেন যীশুরা? নাকি বাংলাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করবে মুম্বই জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার