Home » ভারতকে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলে দিল নিউজিল্যান্ড!

ভারতকে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলে দিল নিউজিল্যান্ড!

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৩ মার্চ: আমেদাবাদে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ তথা চতুর্থ টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে। ফলে ভারতের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা কার্যত ঝুলে ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে আমেদাবাদের টেস্ট শেষ হওয়ার আগেই ভারত পৌঁছে গেল টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে, সৌজন্যে নিউজিল্যান্ড।

ভারতের আমেদাবাদ থেকে প্রায় ১২,৫০০ কিলোমিটার দূরে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ফর্মে থাকা শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের শেষ বলে নাটকীয় জয় ছিনিয়ে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলে দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামস। শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। ফলে আটকে গেল শ্রীলঙ্কা, আর হাসতে হাসতে ফাইনালে চলে গেল ভারত। অপরদিকে ইন্দোর টেস্টে ভারতকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া। এবার ভারত ফাইনালে যাওয়ায় এই দুই দেশই মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

টেস্ট ক্রিকেটে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ খুব একটা দেখা যায়নি সুদূর অতীতে। বলা ভালো কোনও টেস্ট ম্যাচের রুদ্ধশ্বাস সমাপ্তি হল ক্রাইস্টচার্জে। যে কোনও ফল হতে পারতো ক্রাইস্টচার্জ টেস্টের। কিন্তু বিশ্ব দেখলো রুদ্ধশ্বাস ‘লাস্ট বল থ্রিলার’। চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের জেতার জন্য ৭০ ওভারে ২৮৫ রান। আর শেষ ওভারে দরকার ছিল ৭ রান। ক্রিজে ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস। পঞ্চম বলেই স্কোরলাইন সমান হয়ে যায়। ফলে শেষ বলে দরকার ছিল মাত্র এক রান। শ্রীলঙ্কার বোলার ফার্নান্ডো বাউন্সার দিয়েছিলেন শেষ বলে। কেন উইলিয়াম্স বল মিস করেন, কিন্তু ছুটে একরান নিয়ে নেন। ফলে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে যায় শ্রীলঙ্কার। সেই সঙ্গে ভারতের ভাগ্য নিশ্চিত হয়ে যায়। কেন উইলিয়াম্স ১২১ রানে অপরাজিত থাকেন।

About Post Author