সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৩ মার্চ: আইএসএলে দুরন্ত প্রত্যাবর্তন বেঙ্গালুরু এফসির। প্রথম সেমিফাইনালে মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের ফাইনালের টিকিট নিশ্চিত করে নিলেন সুনীল ছেত্রীরা। অপর সেমিফাইনালে আজ অর্থাৎ সোমবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান।

মরশুমের শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরু এফসির। একাধিক তারকা ফুটবলারকে সই করিয়েও ম্যাচের পর ম্যাচে হারের মুখ দেখেছিলেন সুনীল ছেত্রী-রয় কৃষ্ণরা। একটা সময়ে টুর্নামেন্টের প্রথম ছয় দলের তালিকায় থাকার লড়াই করতে হয়েছে সাইমন গ্রেসনের দলকে। তবে সময় যত গড়িয়েছে ছন্দে ফিরেছে বেঙ্গালুরু। এবছরের আইএসএলের দুরন্ত ফর্মে থাকা মুম্বই সিটি এফসিকে হারিয়ে প্রথম ফাইনালিস্ট হিসেবে যোগ্যতা অর্জন করে নিলেন সুনীল, গুরপ্রীতরা।

আইএসএল সেমি ফাইনালের প্রথম পর্বে মুম্বইয়ের ঘরের মাঠে ১-০ গোলে জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে ছিল বেঙ্গালুরু। কিন্তু দ্বিতীয় পর্বে বেঙ্গালুরুর ক্রান্তিরাভা স্টেডিয়ামে ঘুরে দাঁড়ায় মুম্বই সিটি এফসি। যদিও ম্যাচের মাত্র ২২ মিনিটে জাভি হার্নান্দেসের গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরুই। ফলে দুই পর্ব মিলিয়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে মুম্বই। এরপর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মুম্বইয়ের হয়ে একটি গোল শোধ করেন মেহেতাব সিং। ম্যাচের ৬৬ মিনিটে নাটকীয় ভাবে ম্যাচে সমতা ফেরায় মুম্বই। গোল করেন বিপিন সিং। ফলে দুই পর্ব মিলিয়ে ফল দাঁড়ায় ২-২। নির্ধারিত সময়ে আর কোনও দল গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় সংযুক্তি সময়ে। সেখানেও খেলার ফয়সালা না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ঘরের মাঠে বাজিমাৎ করলেন সুনীলরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার