Home » জঙ্গল এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের

জঙ্গল এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের

সময় কলকাতা ডেস্ক,১৪ মার্চঃ ১৪ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। গত মাসেই হাতির হানায় জলপাইগুড়িতে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। কার্যত সেকারণেই এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিল বনদফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই জঙ্গল এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য চলছে কড়া নজরদারি। বনবস্তি, চা বাগানের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য শতাধিক বাসের ব্যবস্থা করল বনবিভাগ ও জেলা প্রশাসন। একইসঙ্গে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারে তার জন্য ইলেকট্রিক ফেন্সিং রয়েছে এমন রুটকেই চিহ্নিত করা হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ নজরদারি টিমের টহলদারি চালানো হবে বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৯টা নাগাদ বাবার সঙ্গে কেবলপাড়া জুনিয়র হাইস্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল অর্জুন দাস নামের এক ছাত্র। সেসময়ই ঘটে যায় বিপত্তি। জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকি মারি এলাকায় একটি হাতির দলের সামনে পড়ে যায় অর্জুন। সেসময় অর্জুন পালানোর চেষ্টা করলে হাতিটিও তাঁর পিছনে দৌড়ায়। হাতির পায়ে পিষ্ট হয়ে যায় অর্জুন। তাঁর বুকে-পেটে মারাত্মক আঘাত লাগে। এরপরই আশঙ্কাজনক অবস্থায় অর্জুনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই বনকর্মীরা ও মিলনপল্লী ফাঁড়ির পুলিশ মৃত অর্জুনের বাড়িতে যান। এদিকে, এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। বন দফতরের গাফিলতির অভিযোগ তুলেও সরব হন তারা।

About Post Author