Home » ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টারে ছয়লাপ দিল্লি! গ্রেফতার ৬

‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টারে ছয়লাপ দিল্লি! গ্রেফতার ৬

সময় কলকাতা ডেস্ক, ২২ মার্চ:  গোটা দিল্লি কার্যত ছেয়ে গিয়েছিল ‘মোদি হটাও’ পোস্টারে। রাতারাতি কে বা কারা সেই পোস্টার সাটিয়ে দিয়ে যায়। খবর পেয়েই তড়িঘড়ি রাস্তায় নামে দিল্লি পুলিশ। দিল্লির আনাচে কানাচে ঘুরে প্রায় ২ হাজারের বেশি মোদি বিরোধী পোস্টার সরিয়ে ফেলে পুলিশ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী দিল্লিতে। ইতিমধ্যেই ধরপাকড় শুরু করেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে কমকরে ১০০টি। আর এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এদের মধ্যে দুজন ছাপাখানার মালিক বলেই জানা যাচ্ছে। অভিযোগ তাঁদের ছাপাখানায় পোস্টারগুলি ছাপানো হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গদিচ্যুত করার দাবি তুলে একাধিক পোস্টার পড়েছিল দেশের রাজধানী দিল্লিতে। মঙ্গলবার থেকেই পোস্টারগুলি নজর কাড়ে পথচলতি মানুষের। জানা যাচ্ছে, ওই পোস্টারগুলিতে লেখা ছিল ‘মোদি হটাও দেশ বাঁচাও’। রাজধানীর অলিতে গলিতে ওই পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছিল বলেই দাবি দিল্লি পুলিশের। এরপরই পুলিশ অভিযানে নামে। প্রথমেই পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়। এরপরই বিভিন্ন থানায় এফআইআর দায়ের করে শুরু হয় তদন্ত।

দিল্লি পুলিশের স্পেশাল সিপি দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, প্রিন্টিং প্রেস অ্যাক্ট এবং সম্পত্তি ঘতিসাধন বিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তবে কে বা কারা ওই পোস্টার ছাপিয়ে শহরের বিভিন্ন এলাকায় সাঁটিয়ে দিলেন সেটা এখনও স্পষ্ট নয়। যদিও দুটি প্রিন্টিং প্রেসের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। পাশাপাশি কয়েক হাজার পোস্টার-সহ একটি গাড়িও আটক করেছে দিল্লি পুলিশ।

ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হেয় করতেই এই ধরণের পোস্টার সাঁটানো হয়েছে গোটা দিল্লি জুড়ে। তবে এর পিছনে রাজনৈতিক দলের হাত থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। দিল্লির আইপি এস্টেট এলাকায় একটি গাড়িতে প্রচুর পোস্টার উদ্ধার করেছে দিল্লি পুলিশ। দাবি, ওই পোস্টারগুলি আম আদমি পার্টির দফতরে সরবরাহ করা হচ্ছিল। গাড়ির চালক সেরকমই দাবি করেছে পুলিশের কাছে। অপরদিকে, পুলিশের দাবি, প্রিন্টিং প্রেসের মালিকদের জেরা করে জানা যাচ্ছে, প্রায় ৫০ হাজার মোদি বিরোধী পোস্টারের বরাত দেওয়া হয়েছিল গোটা দিল্লিজুড়ে। অপরদিকে আম আদমি পার্টির তরফে একটি টুইট করে অভিযোগ করেছে, নরেন্দ্র মোদি সরকারের স্বৈরাচার চরমে উঠেছে। ওই পোস্টারে এমন কি আপত্তিকর লেখা আছে যে ১০০টি এফআইআর করতে হল?

About Post Author