পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,২৯ মার্চ :
পলি উমরিগড় ভারতীয় ক্রিকেটে একটি অবশ্য পাঠ্য অধ্যায়। তিনি যে সময়টায় ১৪ বছর ধরে ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন তখন টেস্ট সেঞ্চুরি ছিল দুর্লভ বস্তু।ভারতীয় ক্রিকেটে সুনীল গাভাস্কার, গুন্ডাপ্পা বিশ্বনাথ জমানা তখনও শুরু হয়নি। হেলমেটের যুগও তখন শুরু হয় নি। ফাস্ট বলের বিরুদ্ধে মোকাবিলা করা তখন আতঙ্কের।একযুগ বা তার বেশি সময় ধরে ক্রিকেট খেলতে হলে তখন চোখের রিফ্লেক্স খুব জরুরি।আর এখানেই বড্ড বেশি প্রাসঙ্গিক পলি উমরিগড়।

ভারতের টেস্ট ক্রিকেটে অভিষেক অর্থাৎ গোড়ার দিন থেকে শুরু করে হেলমেটের ব্যবহার শুরু হওয়া পর্যন্ত যতজন ব্যাটসম্যান ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন তার মধ্যে অন্যতম সফল ব্যাটসম্যান ছিলেন পলি উমরিগড় ।সত্তরের দশকের আগে ভারতের হয়ে তার মত সফল ক্রিকেটার খুব একটা আসে নি।তাঁর আগে ভারতের কোনো ব্যাটসম্যান ১২ টি সেঞ্চুরিও করেন নি।

নিজের ৪৮তম টেস্টে সুনীল গাভাসকার পলি উমরিগড়ের সেঞ্চুরির রেকর্ড ভাঙেন।অন্যদিকে,পলি উমরিগড় ভয়ঙ্কর ফাস্ট বোলিং হেলমেট ছাড়া মোকাবিলা করে ৫৯ টি টেস্টে ৩৬৩১ রান করেছিলেন। ব্যাটিং গড় ৪২ এর বেশি। ব্যাট হাতে সে সময় কোন ভারতীয় ব্যাটসম্যান এত রান করেননি।দলের প্রয়োজনে বোলার হিসেবেও কার্যকরী ভূমিকা নিয়েছন। অফ ব্রেক বল করতেন। টেস্টে ৩৫ টি উইকেট পেয়েছেন।আটটি টেস্টে অধিনায়কত্ব করেছেন পলি উমরিগড়। শোলাপুরে পারসী পরিবারে জন্ম হওয়া পলি উমরিগড় জেদি অধিনায়ক হিসেবে পরিচিত ছিলেন। নির্বাচকের সঙ্গে সংঘাতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। ১৯৬২ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ২০০৬ সালে মুম্বাইয়ে তাঁর প্রয়াণ হয়। ২৮মার্চ ছিল তাঁর জন্মদিন।।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়