সময় কলকাতা ডেস্ক,২৯ মার্চঃ ফেরেঙ্ক পুসকাস। নামটি অনেকের জানা থাকলেও অনেকেরই অজানা। বেঁচে থাকলে আজ ৯৬ বছর বয়স হত তাঁর। নিবাস হাঙ্গেরি। পেলে গ্যারিঞ্চাদের যুগ শুরু হওয়ার আগে একসময় ছিল ছিল হাঙ্গেরির যুগ। ১৯৫০ থেকে ৫৬ সাল পর্যন্ত হাঙ্গেরি একসময় ৫০ টি ম্যাচে ৪২ টিতে জয়লাভ করেছিল। পরাজয় ১টি।এসময় একমাত্র হার আসে ১৯৫৪ বিশ্বকাপে জার্মানির কাছে। আর হাঙ্গেরির ফুটবলের স্বর্নযুগের রূপকার ছিলেন পুসকাস। ফুটবলের জাদুকর ছিলেন তিনি । তাঁকে দেশবাসী নাম দিয়েছিল গ্যালপিং মেজর অর্থাৎ বিদ্যুৎগতির ফুটবলের শাসনকর্তা। ১৯৪৫ থেকে এগারো বছর দেশের হয়ে খেলে ৮৫ টি ম্যাচে তিনি করে গিয়েছেন ৮৪ টি গোল।

আরও পড়ুন সিরিজ জিতল ওয়েস্টইন্ডিজ, নায়ক জোসেফ
পুসকাসকে ফুটবলের শিল্পে এবং স্ট্রাইকিং এবিলিটিতে ছাপিয়ে যাওয়া যাক বা না যাক তবুও গোল সংখ্যায় ছাড়িয়ে যাওয়া যায় যা করেছেন মাত্র পাঁচজন। যাদের মধ্যে রয়েছেন এযুগের শুধু সর্বকালের সেরাদের দুই কুশলী খেলোয়াড়। রোনাল্ডো ও মেসি। রোনাল্ডো পর্তুগালের হয়ে গোল করেই চলেছেন। ৩৮ বছর বয়সেও ম্যাচ নিয়ন্ত্রণ করার পাশাপাশি তিনি গোল করায় দক্ষ। দেশের হয়ে ১৯৮ টি ম্যাচে ১২২ টি গোল করে আন্তর্জাতিক ভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পর্তুগীজ তারকা । দ্বিতীয় স্থানটি ইরানের আলি দায়ির। ১৪৮ ম্যাচে ১০৯ গোল করেছেন। তাঁর আর গোল বাড়ার সম্ভাবনা নেই কারণ ১৭ বছর আগেই অবসর নিয়েছেন তিনি। তবে লিওনেল মেসি এখনও প্রবল ভাবে বর্তমান। আর্জেন্টিনার বিশ্বকাপ এবার এসেছে এই শিল্পী ফুটবলারের পায়ের ছোঁয়ায়। গোলের সেঞ্চুরি করতে তাঁর দরকার আর একটি গোল।১৭৩ ম্যাচ খেলে ৯৯ গোল করে তিনি শীর্ষ গোলদাতাদের তৃতীয় স্থানে। মালয়েশিয়ার মোক্তার দাহারী চতুর্থ স্থানে থাকলে কি হবে, ১৪২ ম্যাচে ৮৯ গোল করা দাহারীও এখন ইতিহাসের পাতায় একটি প্রায় বিস্মৃত নাম।পঞ্চম স্থানে যুগ্ম ভাবে পুসকাসের সাথে ছিলেন এদেশের সুনীল ছেত্রী। অন্তত মঙ্গলবারের আগে পর্যন্ত।

মঙ্গলবার, ইমফলে ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হল কিরঘিজ প্রজাতন্ত্রকে হারিয়ে। খেলার ৮৪ মিনিটে ভারতের নবীন ও উদীয়মান ফুটবলার নাওরেম মহেশ সিংএর কৃতিত্বে পেনাল্টি পায় ভারত। নিজের ৮৫ তম গোল করতে ভুল করেন নি দলনায়ক সুনীল। এই গোলের সাথে সাথে তিনি পুসকাসকে টপকে ঢুকে পড়লেন প্রথম পাঁচে। এনিয়ে সন্দেহের অবকাশ নেই প্রতিপক্ষর ওজন এবং শক্তির ওপরে স্ট্রাইকারের গোল করার বিষয় অনেকটাই নির্ভর করে। সেদিক থেকে মেসি ও রোনাল্ডো ছাড়া সুনীল সহ অন্য তিনজন অনেক সহজ প্রতিপক্ষ পেয়েছেন। একথা মাথায় রাখতে হবে সুনীল বা মোক্তার কে জার্মানি, ব্রাজিল বা বেলজিয়ামের বিপক্ষে খেলতে হয় নি। কিন্তু পুসকাস মূলত খেলেছেন শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে। আজও ম্যাচ পিছু দেশের হয়ে একটি গোল করার আশ্চর্য নজির রয়েছে পুসকাসের। ম্যাচ পিছু.৯৯ গোলের গড় যার ধারেকাছে নেই রোনাল্ডো বা মেসি। বরং ফুটবল সম্রাট পেলে অনেকটাই ম্যাচ পিছু গোল করার গড়ে পুসকাসের সঙ্গে তুলনায় আসতে পারেন।

আরও পড়ুন মুকুটহীন সম্রাট পলি উমরিগড়
৯২ ম্যাচে ৭৭ গোল করা পেলের গড়.৮৪। গোল করাই স্ট্রাইকারের কাজ। প্রতিপক্ষ যেই হোক ম্যাচ পিছু কীরকম গোল করার গড় হলে তাঁকে জাত স্ট্রাইকার ধরা হবে? সেরা স্ট্রাইকারদের রেকর্ড বিশ্লেষণ করে ধরা যেতেই পারে এই গড় ম্যাচ পিছু .৫০। এবং ১৩৩ ম্যাচে ৮৫ গোল করা সুনীল ছেত্রীর গোল করার গড় আশ্চর্যজনক ভাবে ম্যাচ পিছু.৬৪ যা কিনা রোনাল্ডো বা মেসির চেয়েও ভালো। সুনীল কোনোভাবেই রোনাল্ডো বা মেসি নন, কিন্তু তিনি ভারতের হয়েই প্রায় ১৮ বছর ধরে খেলে চলেছেন। তিনি শক্তিশালী ডিফেন্সের বিরুদ্ধে কতটা সফল হতেন তা প্রমান সাপেক্ষ। তিনি সে অর্থে জাপান বা দক্ষিণ কোরিয়ার মত দেশের বিরুদ্ধে খেলারও সুযোগ পান নি। কিন্ত একথা ঠিক ভারতের চেয়ে ফিফা ৱ্যাঙ্কিংএ অনেক এগিয়ে থাকা দেশের বিরুদ্ধে অবলীলায় গোল করে দেশকে বিজয়ী করেছেন।

আরও পড়ুন কিরঘিজ প্রজাতন্ত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
বিজয়ন, বাইচুং ভুটিয়া দের গোল করার রেকর্ড ভেঙেছেন কোন কালে। এখনও তাই ভারতের চেয়ে ১২ ধাপ এগিয়ে থাকা কিরঘিজের বিরুদ্ধে মাঠে নামার বিরুদ্ধে জানান দেন যে তাঁর গোল করার ক্ষিদে রয়েছে আগের মতই। ৩৮ বছরেও ভারতের তরুণ ফুটবলারদের সঙ্গে পাল্লা দেন ফিটনেসে। আর কিরঘিজ দের বিরুদ্ধে তাঁর চেয়ে হাত খানেক লম্বা ডিফেন্ডারদের মাথা টপকে হেড করেন। গোল করার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হলে মাঠে প্রবল অসন্তুষ্ট হন নিজের ওপরে। ৩৮ বছর বয়সে তিনি পুসকাসের রেকর্ড ভাঙতে মাঠে নামেন না, তিনি মাঠে নামেন ভারতের নীল জার্সির গৌরবগাঁথা লিখতে, দেশের সম্মান উজ্জ্বল করতে। তিনি মাঠজুড়ে ছুটে চলেন, বিপক্ষের বক্সে ভয়ঙ্কর হয়ে ওঠেন পুসকাসকে ছাপিয়ে যেতে নয়, নিজেকে ছাপিয়ে যেতে। আর এই লক্ষ্যে অবিচল সুনীল নিজেই নিজেকে অতিক্রম করে চলেন। নিজের সেরা উজাড় করে দেন। নিরলস সাধনার আরেক নাম সুনীল ছেত্রী।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার