Home » “এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু”

“এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু”

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ এপ্রিল: এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যার সাক্ষী থাকল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ১৬ তম আইপিএলের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামে তখন চাঁদের হাট। তারকাদের ভিড়ে তখন মধ্যমণি হয়ে রইলেন অরিজিৎ সিং। পরিচয় পর্বে অনুষ্ঠানের সঞ্চালিকা মন্দিরা বেদী ভালোবাসার কণ্ঠস্বর বলে তাঁকে সম্বোধন করলেন। রশ্মিকা মন্দানা, তমান্না ভাটিয়ারা যখন নৃত্যের তালে দর্শকদের মন জয় করছেন, তখন কণ্ঠে সবাইকে মাতালেন অরিজিৎ। জিয়াগঞ্জের ছেলেটার ‘শিবা শিবা’ গানের তালে মাথা নাড়াতে দেখা গেল স্বয়ং ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও।

এর পরের দৃশ্যটির জন্য যদিও কেউই প্রস্তুত ছিলেন না। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে পরিচয় পর্ব সারতে মঞ্চে ওঠেন ক্যাপ্টেন কুল। তখন বাইশ গজের কিংবদন্তির সামনে শ্রদ্ধায় মাথা নত করে ফেললেন সঙ্গীত জগতের কিংবদন্তি। এতদিন বিপক্ষের বাঘা বাঘা বোলারদের সামাল দেওয়া মাহি বোধ হয় এই দৃশ্যের জন্য প্রস্তুত ছিলেন না। তাই আটকাতে পারলেন না। অরিজিতের হাত তখন স্পর্শ করেছে দেশকে দু টি বিশ্বকাপ জেতানো অধিনায়কের পায়ে। সাফল্য নাকি মানুষের মধ্যে দাম্ভিকতা নিয়ে আসে, এটা যে কেবল একটা মিথ এবারের আইপিএলের উদ্বোধনী সন্ধ্যা অন্তত তারই প্রমাণ দিল।

আরও পড়ুন    আইপিএলের প্রথম ম্যাচে জিতল গুজরাট টাইটান্স

শুধু অরিজিৎই নন এদিন ধোনির জন্য স্টেডিয়ামে ক্রিকেট প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আহমেদাবাদের সঙ্গে চেন্নাইয়ের দূরত্ব দেড় হাজার কিলোমিটারেরও বেশি। কিন্ত এদিন স্টেডিয়ামে গুজরাট টাইটানের জার্সির সঙ্গে সমানে পাল্লা দিল হলুদ জার্সিধারিরা।

আরও পড়ুন   এবার দিল্লির ডাগআউটে সৌরভ, পন্টিংয়ের পাশে আহত ঋষভ পন্থ!

ক্রিকেট মহলে গুঞ্জন এটাই নাকি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। যদি গুঞ্জন সত্যি হয় তাহলে শেষের শুরুটা যে হল মহেন্দ্রোচিত’ হল, তা আর বলার অপেক্ষা রাখেনা।

About Post Author