Home » নাইট শিবিরে যোগ দিলেন ‘রয় দা’

নাইট শিবিরে যোগ দিলেন ‘রয় দা’

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৮ এপ্রিল: ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ব্যাঙ্গালোর ম্যাচ এখন অতীত। রবিবার আহেমেদাবাদে নিজেদের তৃতীয় ম্যাচে নামতে চলেছে কেকেআর। প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা গুজরাট টাইটানস। হার্দিকদের বিরুদ্ধে মাঠে নামার আগে নাইট শিবিরে স্বস্তি। দলের অনুশীলনে যোগ দিলেন ব্রিটিশ ব্যাটার জেসন রয়। শনিবার দলের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে এই খবর। ট্যুইটে লেখা হয়েছে, “আমরা জানি তুমি আমাদের জন্য অপেক্ষা করছিলে। রয় দা তোমাক স্বাগত”। যদিও আহমেদাবদে গুজরাটের বিরুদ্ধে তিনি মাঠে নামবেন কিনা সেটা এখনই নিশ্চিত নয়। তবে এই ক্রিকেটারকে সই করানোর পিছনে যে টিম ম্যানেজমেন্টের বিশেষ পরিকল্পনা রয়েছে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, এবার আইপিএলের নিলামে বাংলাদেশের  অল-রাউন্ডার শাকিব আল হাসানকে দলে নেয় কেকেআর। কিন্তু আইপিএল শুরুর আগেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন শাকিব। এরপর পরিবর্ত ক্রিকেটারের খোঁজ করতে থাকে নাইট শিবির। অনেক নামের মধ্যে থেকে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় বিশ্বকাপ জয়ী ব্রিটিশ দলের সদস্য জেসন রয়কে। ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে ইংরেজ ওপেনারকে সই করায় কেকেআর।  গত বুধবার দলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জেসনকে দলে নেওয়ার পিছনে কাজ করেছে তাঁর দুরন্ত ফর্মে থাকা। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগেও ছিলেন রানের মধ্যে ছিলেন ৩২ বছরের ব্রিটিশ ওপেনার। তাঁর কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস নজর কেড়েছিল ক্রিকেট সমর্থকদের।

রয় দলের সঙ্গে যোগ দেওয়ায়, দলের ওপেনিং বিভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।  ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবেও তাঁকে ব্যবহার করার কথা ভাবছে কেকেআর কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বোলিংয়ের সময় তাঁকে বসিয়ে খেলানো হতে পারে টিম সাউদি বা ফার্গুসনকে। ক্রিকেট মহলের দাবি, জেসনের অন্তর্ভুক্তি, কলকাতা নাইট রাইডার্সকে চলতি আইপিএল মরশুমে সমৃদ্ধ করবে।

About Post Author