স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ এপ্রিল: আইপিএলে দুরন্ত ছন্দে রাজস্থান রয়্যালস। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানন্সের বিরুদ্ধে চার বল বাকি থাকতে, তিন উইকেটে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা ৭ উইকেটে ১৭৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। ম্যাচটি ছিল আইপিএলের গত বছরের চ্যাম্পিয়নদের সঙ্গে রানার্স আপের। গত বছর সঞ্জু স্যামসনের রাজস্থানকে হারিয়ে আবির্ভাবেই আইপিএল জিতে চমক দিয়েছিল হার্দিকের গুজরাট। আহমেদাবাদে সেই ম্যাচের প্রতিশোধ রাজস্থান নিতে পারে কিনা সেদিকে নজর ছিল ক্রিকেট প্রেমীদের।

এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিং করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরুতেই গুজরাট ঋদ্ধিমানের উইকেট হারিয়ে বেশ বিপাকে পরে যায়। মাত্র ৪ রান করে ডাগআউটে ফেরেন এই বঙ্গতনয়। এরপর গিলের সঙ্গে জুটি বেঁধে শুরুটা ভালোই করেছিলেন এবারের আইপিএলে দুরন্ত ফর্মে থাকা সাই সুদর্শন। তবে ১৯ বলে ২০ রান করে রান আউট হয়ে যান সুদর্শন। সুদর্শন ফিরলে দলের হাল ধরেন গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এই জুটি তোলে ৫৯ রান। একাদশ ওভারে যুজভেন্দ্র চাহলের বলে আউট হন হার্দিক। এই ম্যাচেও চেনা মেজাজে ছিলেন শুভমন গিল। ৩৪ বলে ৪৫ রান করেন গুজরাট তথা ভারতের এই নির্ভরযোগ্য ব্যাটার। তাঁর ৩৪ বলের ইনিংসে সাজানো ছিল ৪টি চার এবং ১টি ছয়। ৩টি ছক্কার সাহায্যে ঝোড়ো ব্যাটিং করলেন অভিনব মনোহর। এছাড়াও ৩০ বলে ৪৬ রানের লড়াকু ইনিংস খেললেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। রাজস্থানের হয়ে ২৫ রান দিয়ে দুটি উইকেট নিলেন সন্দীপ শর্মা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানে থামতে হয় গুজরাটকে।

গুজরাটের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে ১৭৭ রানের লক্ষ্যমাত্রাটিকেও একটা সময় বিশাল মনে হচ্ছিল। দ্বিতীয় ওভারের প্রথম বলে যসস্বী জয়সওয়ালকে ফিরিয়ে রাজস্থান শিবিরে প্রথম ধাক্কাটি দেন হার্দিক। এরপরের ওভারে পরপর ৫ টি ডট বলের পর রাজস্থানের বিধ্বংসী ওপেনার জস বাটলারকে বোল্ড করে চমক দেন মহম্মদ শামি। সাত বছর পর আইপিএলের কোনো ম্যাচে ০ রানে ফিরলেন বাটলার। এরপর অধিনায়ক সঞ্জু স্যামসন ও দেবদত্ত পারিক্কলের ব্যাটে ভর করে ম্যাচে ফেরে রাজস্থান। নবম ও একাদশ ওভারে দেবদত্ত ও রিয়ান পরাগ ডাগআউটে ফিরিয়ে রাজস্থান শিবিরকে জোড়ালো ধাক্কা দেন রশিদ খান।
আরও পড়ুন ভেঙ্কির শতরানেও হল না শেষ রক্ষা, ওয়াংখেড়েতে টানা দ্বিতীয় ম্যাচে হার কেকেআরের

১০ ওভার ৩ বলে ৫৫ রানে ৪ উইকেটে ধুঁকতে থাকা ব্যাটিং অর্ডারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক স্যামসন ও শিমরন হেটমায়ার। ৩২ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন সঞ্জু। রাজস্থানের হয়ে বাকি কাজটি করেন শিমরণ হেটমায়ার। ২৬ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান ব্যাটার। ম্যাচ সেরার খেতাবও পান এই ম্যাচে গুজরাটের নাইটমেয়ার হয়ে ওঠা হেটমায়ার। গুজরাট হারলেও বোলিংয়ে নজর কাড়লেন মহম্মদ শামি। ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন তিনি। ৫ ম্যাচের ৪ টিতে জিতে আইপিএল লিগ তালিকার শীর্ষে উঠে এল রাজস্থান। ৫ ম্যাচে ৩ টিতে জিতে রান রেটের বিচারে তিন নম্বরে রইল গুজরাট।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত