Home » জমজমাট ইপিএল ড্র আর্সেনালের, জয় ইউনাইটেডের

জমজমাট ইপিএল ড্র আর্সেনালের, জয় ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ এপ্রিল:  প্রায় দুই দশক পর প্রিমিয়ার লিগ জয়ের হাতছানি আর্সেনালের সামনে। ২০০৩-০৪ মরশুমে শেষবারের জন্য প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেন ওয়েঙ্গারের প্রশিক্ষণাধীন আর্সেনাল। এরপর প্রিমিয়ার লিগে শুধুই ব্যর্থতা জুটেছে আর্সেনালের কপালে। এই মরশুমে ফের একবার প্রিমিয়ার লিগ জয়ের সুযোগ এসেছে আর্সেনালের সামনে। রবিবার লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে হারাতে পারলে সেই জয়ের রাস্তায় বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে পারত মাইকেল আর্তেতার ছেলেরা। শুরুটাও দাপটের সঙ্গে করেছিল গানার্সরা। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে ২ গোলের ব্যবধানে এগিয়েও যায় তারা। ম্যাচের ৭ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসাস।

আরও পড়ুন    হেটমায়ার যখন নাইটমেয়ার! গুজরাটকে হারিয়ে আইপিএল তালিকার শীর্ষে রাজস্থান

আর্সেনাল রাইট ব্যাক বেন হোয়াইটের গড়ানে ক্রস থেকে পা ছুঁইয়ে বল জালে জড়ান জেসাস। এর ঠিক তিন মিনিটের মধ্যে ফের ব্যবধান বাড়ায় আর্সেনাল। মার্টিনেল্লির দুরন্ত ক্রস থেকে ভলিতে বল জালে জড়ান মার্টিন ওডেগার্ড। ম্যাচের ৩২ মিনিটে প্রতি আক্রমণ থেকে বল নিয়ে আর্সেনাল বক্সে ঢুকে পড়েন প্যাকুয়েতা। এরপর গ্যাব্রিয়েল প্যাকুয়েতাকে পিছন থেকে ফাউল করলে পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। গোল করতে ভুল করেননি সৈয়দ বেনরহমা। ম্যাচের ৫৪ মিনিটে ওয়েস্ট হ্যামের হয়ে সমতা ফেরান ব্রিটিশ ফরওয়ার্ড জ্যারড বাওয়েন। জেতা ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা আক্ষেপের সুর শোনা গেল আর্সেনাল কোচের গলায়। তিনি কার্যত স্বীকার করে নিলেন যে লিগের ভাগ্য এখনও নিশ্চিত নয়। এই ড্রয়ের ফলে ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল আর্সেনাল। পেপ গুয়ারদিওলার ম্যাঞ্চেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে রইল দ্বিতীয় স্থানে।

অপর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন সহজেই জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। সিটি গ্রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেললেন ইউনাইটেড ফুটবলাররা। ম্যাচের ৩২ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। গত বছরের অক্টোবরের পর এটিই ইউনাইটেড জার্সিতে অ্যান্টনির প্রথম গোল। এদিন গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি ইউনাইটেড ফরওয়ার্ডরা। নটিংহ্যাম গোলের তলায় দুরন্ত ফর্মে ছিলেন কেলর নাভাস।

ম্যাচের ৭৬ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন দিওগো দালোট। এটিই ইউনাইটেডের জার্সি গায়ে প্রিমিয়ার লিগে পর্তুগিজ উইংব্যাকের প্রথম গোল। ২-০ গোলে নিউক্যাসেলকে পরাস্ত করল এরিক টেন হ্যাগের দল। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ বললেন, পরিকল্পনা মাফিক ফুটবল খেলে জয় পেয়েছে তাঁর দল। পাশাপাশি দলের দুই সেন্টার হাফ হ্যারি ম্যাগুয়ার ও ভিক্টর লিন্ডেলফের খেলার ভুয়সী প্রশংসা শোনা গিয়েছে ইউনাইটেড কোচের গলায়। এই জয়ের ফলে ৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৩ নম্বরে রইল ইউনাইটেড। সমসংখ্যক ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউক্যাসেল ইউনাইটেড।

About Post Author