স্পোর্টস ডেস্ক সময় কলকাতা ১৮ এপ্রিল: জমজমাট আইপিএল! রুদ্ধশ্বাস ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দুরন্ত জয় পেল সিএসকে। এদিন টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান তোলে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২১৮ রানে থামতে হয় আরসিবিকে। ধোনি-বিরাট দ্বৈরথে জমজমাট সোমবাসরীও আইপিএল। এদিন ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের মধ্যে একটু আলাদা উন্মাদনা তো থাকবেই। কারণ ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মের দুই মহারথী এদিন একে অন্যের বিপক্ষে মাঠে নামেন।

এদিন টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠান ব্যাঙ্গালোরের প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। আর এই সুযোগটিকে কাজে লাগান চেন্নাইয়ের ব্যাটাররা। তৃতীয় ওভারে সিরাজের বলে ঋতুরাজ গাইকোয়াডের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় চেন্নাই। কিন্তু এদিন চেন্নাইয়ের হয়ে চিন্নাস্বামীতে ঝড় তোলেন ডেভন কনওয়ে। ৪৫ বলে ৮৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন এই কিউয়ি ব্যাটার। কনওয়ের ইনিংসে সাজানো ছিল ৬ টি চার ও ৬ টি ছয়। ডেভন কনওয়ে ও অজিঙ্কা রাহানে জুটির দাপুটে ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ফেরে চেন্নাই। দ্বিতীয় উইকেট ৮৪ রানের জুটি গড়েন দুই ব্যাটার। অজিঙ্কা রাহানে করেন ২০ বলে ৩৭ রান। এই দুই ব্যাটার ছাড়াও এদিন চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে উজ্জ্বল ছিলেন শিবম দুবে। শিবম ২৭ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই তিন ব্যাটারের ব্যাটে মূলত ভর করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২৬ রানের বিশাল রান তোলে চেন্নাই।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ব্যাঙ্গালোর। প্রথম ওভারে কোহলির উইকেট নিয়ে আরসিবি শিবিরে প্রথম ধাক্কা দেন আকাশ সিং। দ্বিতীয় ওভারে মহিপাল লোমোরকে ফিরিয়ে আরসিবি শিবিরে জোড়ালো ধাক্কা দেন তুষার দেশপান্ডে। পাঁচ বলে কোনও রান না করেই ফিরে যান লোমোর। এরপর দলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। এই প্রোটিয়া অজি জুটির দাপুটে ব্যাটে ভর করে প্রবল ভাবে ম্যাচে প্রত্যাবর্তন করে ব্যাঙ্গালোর। ৬১ বলের জুটিতে তাঁরা স্কোরবোর্ডে যোগ করেন ১২৬ রান।
আরও পড়ুন আইজলকেও হারতে ব্যর্থ ইস্টবেঙ্গল, সুপার কাপে শেষ বাংলার স্বপ্ন

একটা সময় এই দুই ব্যাটারের সামনে দিশেহারা মনে হচ্ছিল চেন্নাইয়ের বোলারদের। হাতের বাইরে বেরিয়ে যাওয়া ম্যাচে চেন্নাইকে অক্সিজেন দেন মহিশ তিখশানা। ৩৬ বলে ৭৬ রান করে ফেরেন ম্যাক্সওয়েল। এরপরের ওভারেই ডু প্লেসিকে ফিরিয়ে আরসিবিকে ফের ধাক্কা দেন মঈন আলি। এই দুই ব্যাটার যখন ডাগআউটে ফেরেন তখন আরসিবির স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ১৪ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান। কিন্তু এই পরিস্থিতি থেকেও দলকে জেতাতে ব্যর্থ হন বাকি ব্যাটাররা। ছয় নম্বরে নেমে দীনেশ কার্তিক ১৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন। কার্তিক ফিরতেই শেষ হয়ে যায় ব্যাঙ্গালোরের জয়ের যাবতীয় সম্ভাবনা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানে থামে ব্যাঙ্গালোর ইনিংস।
এই জয়ের ফলে আইপিএলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল চেন্নাই সুপার কিংস। আর ম্যাচ হেরে সপ্তম স্থানে রইলেন কোহলিরা।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত