Home » রাজধানীতে হারের হ্যাটট্রিক কেকেআরের পাঁচ ম্যাচ পর আইপিএলে জয় সৌরভের দিল্লির

রাজধানীতে হারের হ্যাটট্রিক কেকেআরের পাঁচ ম্যাচ পর আইপিএলে জয় সৌরভের দিল্লির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ এপ্রিল: দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয় কলকাতা ও দিল্লি। দেশের অতীত ও বর্তমান রাজধানীতে বাইশ গজের যুদ্ধে কে জিতবে? তা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মত। একদিকে আইপিএলে একটানা প্রথম পাঁচটি ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল দিল্লি। অপরদিকে, শেষ দুটি ম্যাচে হেরে কিছুটা চাপে ছিল নাইটরাও। এদিন দলে অনেকগুলি পরিবর্তন করেন নাইট ম্যানেজমেন্ট। এদিন কেকেআরের হয়ে অভিষেক হয় জেসন রয় ও লিটন দাসের। প্রথম একাদশে ফেরেন মনদীপ সিং।

আরও পড়ুন    মিউনিখে মুলারদের রুখে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে রিয়েলের মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি

টসে জিতে এদিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই সিদ্ধান্ত যদিও নাইটদের বিপক্ষেই গেল। ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় পিচ কিছুটা বোলিং সহায়ক ছিল। আর এই সুযোগটিকে কাজে লাগান দিল্লির বোলাররা। ৭১৭ দিন পর আইপিএলে প্রত্যাবর্তন করেই দুরন্ত বোলিং করলেন ইশান্ত শর্মা। ইশান্ত, নোকিয়া, অক্ষর, কুলদীপদের দাপুটে বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ল নাইট ব্যাটিং অর্ডার। প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ব্যর্থ লিটন, অধিনায়ক নীতিশ, রিঙ্কু, ভেঙ্কটেশ, মনদীপরা। প্রথম ম্যাচে যদিও দায়িত্বশীল ইনিংস খেললেন জেসন রয়। করলেন ৩৯ বলে ৪৩ রান। শেষের দিকে নেমে ৩১ বলে ৩৮ রান করেন রাসেল। নাহলে এদিন আরও লজ্জার সম্মুখীন হতে হত নাইটদের। ২০ ওভারে ১২৭ রানে শেষ হয়ে যায় নাইটদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন দুই দিল্লির ওপেনার ওয়ার্নার ও পৃথ্বীশ। একটা সময় মনে হচ্ছিল প্রথম ১০ ওভারেই জয়ের রান তুলে নেবে দিল্লি। এই অবস্থায় কলকাতাকে ম্যাচে ফেরান স্পিনার বরুণ চক্রবর্তী। পৃথ্বীকে ডাগআউটে ফেরান। এরপর বল হাতে চমক দিলেন নাইট অধিনায়ক নীতিশ রানা। ফেরালেন মিচেল মার্শকে। আর এক অভিজ্ঞ ব্যাটার ফিল সল্টকে ফিরিয়ে দিল্লিকে বেশ চাপে ফেলে দেন অনুকূল রায়। দিল্লি একদিকে উইকেট হারালেও অপরদিকে ব্যাট হাতে পিচে পড়ে ছিলেন অধিনায়ক ওয়ার্নার। তাঁর ৪১ বলে ৫৭ রানের অধিনায়কোচিত ইনিংসটি ম্যাচে তফাৎ গড়ে দিল। এছাড়া মণীশ পান্ডিয়ার ২৩ বলে ২১ রান ও অক্ষর প্যাটেলের ২২ বলে ১৯ রান দিল্লিকে চলতি আইপিএলে প্রথম জয় এনে দেয়। শেষের দিকে অক্ষর প্যাটেল ও ললিত যাদবের স্টাম্পিং তিনি মিস করেন লিটন। এই উইকেট দুটি পড়লে ম্যাচের স্কোরকার্ড অন্যরকম হতেই পারত।

সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্সের পর এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে বেশ চাপে পড়ে গেল নাইটরা। ম্যাচ শেষে নাইট অধিনায়ক হারের জন্য দলের ব্যাটিং দুর্বলতাকেই দুষলেন। তিনি বলেন,আরও ১৫ থেকে ২০ রান বেশি উঠলে রাজধানী থেকে খালি হাতে ফিরতে হত না। কলকাতা শিবিরে যখন ম্যাচ হারার আফসোস, তখন চওড়া হাসি ধরা পড়ল দিল্লির ডাগআউটে বসে থাকা প্রিন্স অফ ক্যালকেটার মুখে। আর সেটাই স্বাভাবিক, কারণ মার্চ মাসে শুরু হওয়া প্রতিযোগিতায় দল প্রথম জয়ের মুখ দেখল এপ্রিলের শেষে। এই জয়ের জন্য দিল্লি শিবির যে কতটা মরিয়া ছিল তা বোঝা গেল দিল্লি মেন্টরের মন্তব্যে। এই জয়কে তিনি তুলনা করলেন নিজের ক্রিকেট জীবনে প্রথম টেস্ট রানের সঙ্গে।

আরও পড়ুন   ফার্স্ট বনাম সেকেন্ডের লড়াই, রাজস্থানকে হারিয়ে শেষ হাসি লখনউ সুপার জায়ান্টদের

যদিও এই জয়ে লিগ তালিকার বিশেষ কোনোও পরিবর্তন হল না। ৬ ম্যাচে ১ টিতে জিতে লিগ তালিকার একেবারে শেষেই রইল দিল্লি। অপরদিকে হারের হ্যাটট্রিক করে লিগ তালিকায় কলকাতার স্থান অষ্টম। এখন পরবর্তী রাউন্ডে যেতে গেলে পরবর্তী ম্যাচগুলিতে দুটি দলকেই যে মিরাকল কিছু করে দেখাতে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

About Post Author